সাবেক প্রধান বিচারপতি মোজাম্মেল হোসেন এবং সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী মানিকের ১৬৮টি মামলা পুনঃশুনানি হবে না বলে জানিয়েছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা।
এক মাসের মধ্যে এসব মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হবে বলে জানিয়েছেন প্রধান বিচারপতি।
সুপ্রিম কোর্টে নিষ্পত্তি হওয়া ১৬৮টি মামলার পুনঃশুনানি হচ্ছে না বলে জানিয়েছেন প্রধান বিচারপতি এস কে সিনহা।
বৃহস্পতিবার আদেশের জন্য এই ১৬৮ মামলার বিষয়টি চার সদস্যের আপিল বেঞ্চে উঠলে তিনি একথা জানান।
প্রধান বিচারপতি আইনজীবীদের বলেন, এক মাসের মধ্যে ওই মামলাগুলোর পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হবে। আমরা যাচাই বাছাই করছি। এটা (পুনঃশুনানি) হচ্ছে না।
তিনি বলেন, সব রায় এক মাসের মধ্যে দিয়ে দেব। আপনাদের আমি কথা দিচ্ছি।
সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার কার্যালয় সূত্র জানায়, গত বছরের অক্টোবরে অবসরে যাওয়ার পর বিচারপতি শামসুদ্দিন চৌধুরীর হাতে ১৬১টি মামলার রায় ও আদেশ লেখার জন্য ছিল। সাতটির দায়িত্বে ছিলেন সাবেক প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেন।
গত ২৮ এপ্রিল সন্ধ্যায় সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে দেখা যায় ওই ১৬৮ মামলা, ১০৭টি মামলা শুনানির জন্য রাখা হয়েছে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের ১ নম্বর বেঞ্চে। বাকি ৬১টি মামলা আপিল বিভাগের জ্যেষ্ঠতম বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞার নেতৃত্বাধীন ২ নম্বর বেঞ্চে। এসব মামলার বেশির ভাগ আপিলের অনুমতি চেয়ে করা আবেদন (লিভ টু আপিল)। ২ মে থেকে এসব মামলা পুনঃশুনানির কার্যতালিকায় রাখা হয়।
এরপর থেকেই বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে ব্যাপক আলোচনা হয়।
ওই দুই বিচারপতি এই বিষয়ে প্রধান বিচারপতির সমালোচনা করে বলেন, প্রধান বিচারপতি এটা করতে পারেন না।
তবে বিচারপতি মোজাম্মেল ও বিচারপতি মানিক এ সিদ্ধান্তের সমালোচনা করেছেন।


