প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যার ষড়যন্ত্র মামলায় গ্রেফতার প্রবীণ সাংবাদিক শফিক রেহমানের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।
বৃহস্পতিবার ঢাকা মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লার আদালতে শফিক রেহমানের আইনজীবী জয়নাল আবেদীন মেজবাহ জামিনের আবেদন করেন। শুনানি শেষে তার জামিন আবেদন নামঞ্জুর করেন আদালত।
একই সঙ্গে আদালত তার সঙ্গে স্বজনদের সাক্ষাৎ, চিকিৎসা ও কারাগারে ডিভিশন প্রাপ্তির বিষয়ে কারাবিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন।
এর আগে ২৭ এপ্রিল বুধবার সাংবাদিক শফিক রেহমানকে আদালতে হাজির করে জামিন আবেদন করা হয়। পরে আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
গত ২২ এপ্রিল পাঁচ দিনের রিমান্ড শেষে ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে শফিক রেহমানকে হাজির করে ফের ৭ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। ঢাকা মহানগর হাকিম মাহমুদুল হাসান শুনানি শেষে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
গত ১৬ এপ্রিল রাজধানীর ইস্কাটনের বাসা থেকে শফিক রেহমানকে গ্রেফতার করে ডিবি।
পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও তার তথ্যপ্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে যুক্তরাষ্ট্রে অপহরণ করে হত্যাচেষ্টা পরিকল্পনার অভিযোগে দায়ের মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়।
এরপর এ বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য শফিক রেহমানকে দুদফায় ১০ দিনের রিমান্ডে নেয় ডিবি।


