বিচারকদের অপসারণ ক্ষমতা সংসদের হাতে ন্যস্ত করে আনা সংবিধানের ষোড়শ সংশোধনী অবৈধ ঘোষণার রায় স্থগিতের জন্য আপিল বিভাগে যাবে রাষ্ট্রপক্ষ।
বৃহস্পতিবার ওই রায়ের পর অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম সাংবাদিকদের বলেন, রাষ্ট্রপক্ষ এর বিরুদ্ধে আপিল করবে।
“আমরা এই রায়ে সংক্ষুব্ধ। এই রায় স্থগিতের জন্য রোববারই আমরা চেম্বার আদালতে আবেদন করব।”
সুপ্রিম কোর্টের ৯ আইনজীবীর করা একটি রিট আবেদনে দেওয়া রুলের চূড়ান্ত শুনানি শেষে বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী, বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মো. আশরাফুল কামালের বিশেষ বেঞ্চ বৃহস্পতিবার সংখ্যাগরিষ্ঠের মতের ভিত্তিতে ষোড়শ সংশোধনী অবৈধ ঘোষণা করে।
এর ফলে বিচারকদের অপসারণের ক্ষমতা সংসদের হাতে দেওয়ার নিয়মও বাতিল হয়ে যায়।
অ্যাটর্নি জেনারেল বলেন, “রায়ে আমাদেরকে আপিলের সার্টিফিকেট দেওয়া হয়েছে। ফলে আমরা সরাসরি আপিল করতে পারব।”
উচ্চ আদালতের বিচারক অপসারণের ক্ষমতা সংসদের কাছে ফিরিয়ে নিতে ২০১৪ সালের ১৭ সেপ্টেম্বর সংবিধানের ষোড়শ সংশোধনী আনা হয়। বিলটি পাসের পর একই বছরের ২২ সেপ্টেম্বর তা গেজেট আকারে প্রকাশিত হয়।
ওই সংশোধনীর বৈধতা চ্যালেঞ্জ করে ৫ নভেম্বর হাই কোর্টে এই রিট আবেদন হয়। প্রাথমিক শুনানির পর হাই কোর্ট ২০১৪ সালের ৯ নভম্বর রুল দেয়।
সেই রুলের ওপর ১৭ দিন শুনানির পর হাই কোর্ট বৃহস্পতিবার রায় ঘোষণা করে।


