বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

‘যৌনজীবনে সক্রিয় হলেই নারীকে ডাকা হয় বেশ্যা’

kangana-ranaut-7598হৃত্বিক রোশানের সঙ্গে রেষারেষির পর শেষমেশ লোকের মুখে ‘বেশ্যা’ এবং ‘পাগল’-এর তকমা পেয়েছেন অভিনেত্রী কাঙ্গানা রানাউত। অবশ্য কোনোকিছুই দমাতে পারেনি এই তারকাকে।

সম্প্রতি নিজের তৃতীয় জাতীয় চলচ্চিত্র পুরষ্কার হাতে নিয়ে বললেন, “আমার সাফল্যই আমার প্রতিশোধ।” তিনি আরও বলেন, যৌনজীবনে সক্রিয় হলেই নারীকে পুরুষশাসিত এই সমাজে ‘বেশ্যা’ বলা হয়।

হৃত্বিকের সঙ্গে তার প্রকাশ্য দ্বন্দ্ব যখন শেষের দিকে, তখন মুখ খুলে বিষয়টিকে নতুন করে উস্কে দিয়েছেন কাঙ্গানার সাবেক প্রেমিক অভিনেতা আধ্যায়ান সুমান। তখন অভিনেতা শেখর সুমানের পরিবার দাবী করে বসে, আধ্যায়ানকে নাকি কালো যাদু করে বশ করে রেখেছিলেন কাঙ্গানা।

আধ্যায়ানের বক্তব্যে উঠে এসেছে কাঙ্গানার এক সময়ের প্রেমিক আদিত্য পাঞ্চোলির নামও। যা নতুন করে লজ্জায় ফেলেছে পুরো পাঞ্চোলি পরিবারকে।

এরপর থেকে টুইটারে কাঙ্গানাকে একের পর এক অপমানজনক কথা বলা শুরু হয়। অনেকেই তাকে ‘চরিত্রহীনা’, ‘ডাইনি’, ‘বেশ্যা’ এমনকি ‘পাগল’ বলেও অভিহিত করেন। এক পর্যায়ে টুইটার সমাজের এই রোষানল থামাতে এগিয়ে আসেন হৃত্বিক। তিনি লেখেন, “কাউকে চরিত্রহীন বলা কোনো চরিত্রবান মানুষের কাজ নয়।”

গণমাধ্যমের কাছে এই ব্যাপারে আর কিছু বলবেন না, এই সংকল্পে এতদিন অটল ছিলেন কাঙ্গানা। মঙ্গলবার ৪ মে জাতীয় চলচ্চিত্র পুরষ্কার হাতে পাওয়ার পর এনডিটিভির সঙ্গে তিনি বসেন একান্ত সাক্ষাৎকারে, যেখানে সব অপমানের তুখোড় জবাব দিয়েছেন এই অভিনেত্রী।

তিনি বলেন, “যদি কোনো নারী অনেক সফল হয়, তাহলে তাকে বলা হয় পাগল। যদি কোনো নারী তার যৌন জীবনে সক্রিয় থাকেন, তাকে বলা হয় বেশ্যা।”

অপমানের তীরগুলো যে একটিও কাঙ্গানার গায়ে লাগেনি, তা বুঝিয়ে দিয়ে তিনি বলেন, “আমি নিজেকে খুশি করি, মানুষকে নয়। আমাকে যখন তারা ডাইনি, বেশ্যা কিংবা পাগল বলেন, আমি সেসব গায়ে মাখি না।”

মার্চের শুরুতে হৃত্বিকের সঙ্গে তার যুদ্ধ শুরু হয় এই ‘কৃশ’ তারকাকে নিজের ‘সাবেক প্রেমিক’ বলার পর। তখন তার উপর চটে গিয়ে আইনি নোটিশ পাঠিয়ে বসেন হৃত্বিক। এরপর তাকে পাল্টা নোটিশ পাঠান কাঙ্গানা, শুরু হয় রেষারেষি।

পুরো ঘটনাটি গণমাধ্যমের সামনেই এগিয়ে গেছে, কিন্তু সাম্প্রতিক সময়ে ঘটনা যেদিকে মোড় নিয়েছে তা অবাক করেছে কাঙ্গানাকে। কয়েকদিন আগে ইন্টারনেটে ভাইরাল হয়ে যায় একটি ছবি, যেখানে হৃত্বিক-কাঙ্গানাকে ঘনিষ্ঠ অবস্থায় দেখা যায়। পরে জানা যায়, এই ছবিটি ফটোশপ করা ছিলো। এর পরপরই গণমাধ্যমের সামনে আর কিছু না বলার সিদ্ধান্ত নেন কাঙ্গানা।

তিনি জানান, “সাম্প্রতিক সময়ে ঘটনা যেদিকে এগিয়েছে, তা আমাকে খুব অবাক করেছে। আমি শুধু বলব, আমার সাফল্যই এই বিতর্কের প্রতি আমার সুমিষ্ট প্রতিশোধ।”

কাঙ্গানার মতে, “একজন নারী চাইলে তার সাফল্য দিয়েই সবাইকে চুপ করিয়ে দিতে পারেন। তাদের গায়ের জোর দেখানোর প্রয়োজন পড়ে না।”

২৯ এপ্রিল পুলিশের কাছে নিজের বিবৃতি দিয়েছেন কাঙ্গানা। শুরু থেকেই তার দাবী ছিল, ‘কৃশ থ্রি’ সিনেমার শুটিংয়ের সময় প্রেম হয় তার সঙ্গে হৃত্বিকের। যা আজ পর্যন্ত অস্বীকার করে আসছেন হৃত্বিক। তবে সাক্ষাৎকারে এনডিটিভিকে এই প্রসঙ্গে আর নতুন কিছু বলতে রাজি হননি বলিউডের এই ‘কুইন’।

তিনি বলেন, “যে বিষয়টি আদালতে মীমাংসা হবে, সেই ব্যাপারে আমি আমার নিজের মতামত দিতে চাই না। আমি অনুতপ্ত হওয়ার ভান করতে পারি না,যখন আমার অনুতাপের কিছু নেই।”

‘ফ্যাশন’ এবং ‘কুইন’-এর পর এ বছর ‘তানু ওয়েডস মানু রিটার্নস’-এ অভিনয় করে ক্যারিয়ারের তৃতীয় জাতীয় চলচ্চিত্র পুরষ্কার জিতে নিয়েছেন ২৯ বছর বয়সী কাঙ্গানা।

আরও পড়ুন