বাংলাদেশের একটি দৈনিক পত্রিকার একজন ‘নামকরা’ সম্পাদক চড় মেরেছেন তার পত্রিকার সাংবাদিককে। চড় খেয়ে অসুস্থ হয়ে ওই সাংবাদিককে হাসপাতালে চিকিৎসা নিতে হয়েছে। ওই ঘটনার পর ওই সম্পাদকের স্ত্রী নিজে হাসপাতালে খোঁজখবর নেন। বৃহস্পতিবার সন্ধ্যার পর ওই পত্রিকা অফিসে এই ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শী কয়েকজন সাংবাদিক জানান।
ওই সাংবাদিকের নাম ও পরিচয় সঙ্গতকারণে আপাতত প্রকাশ করা হলো না। তিনি ওই পত্রিকাটির ‘নিজস্ব প্রতিবেদক’।
ওই সম্পাদক উত্তেজিত হয়ে দুই দফা ওই রিপোর্টারকে প্রচণ্ড শক্তিতে চড় মারেন। এই চড়ের পর দুই গাল ফুলে যায়। কিছু সময় পরে ওই রিপোর্টার মাটিতে পড়ে অজ্ঞান হয়ে যায়। এরপর কয়েকজন সহকর্মী তুলে নিয়ে পাশের একটি বেসরকারি হাসপাতালে যায়। চিকিৎসকরা পরীক্ষা নিরীক্ষা করে জানান, অবস্থা খারাপ নয়; তবে মানসিক শকের কারণে জ্ঞান হারিয়েছেন।
‘বা’ দিয়ে শুরু ডাকনামের ওই রিপোর্টার মান-সম্মান খোয়ানোর ভয়ে নিজের নাম প্রকাশ করতে চান না। তিনি শুক্রবার সকালে নিউজওয়ার্ল্ডবিডি ডট কমকে বলেন, একজন সম্পাদকের কাছে এই ব্যবহার স্বপ্নেও ভাবতে পারিনি। এর আগে ওই সম্পাদক অবশ্য তাকে অশ্রাব্য ভাষায় কয়েকটি গালিও দেন।
ঘটনার সূত্রপাত সম্পর্কে তিনি বলেন, “আমাকে বৃহস্পতিবার সকালে একটি বিশেষ অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছিল। সন্ধ্যা পর্যন্ত অ্যাসাইনমেন্টটি শেষ করতে পারিনি। সন্ধ্যার পর অফিসে সম্পাদক আমার ওপর এটি নিয়ে হঠাৎ করেই উগ্র ব্যবহার শুরু করেন। আমি তার ওই ধরনের ব্যবহার দেখে চুপ করে ছিলাম। যদিও তিনি গালিগালাজ করছিলেন। হঠাৎ করেই তিনি এসে সজোরে আমাকে চড় মারেন।’
বিভিন্ন টেলিভিশন টক-শো’তে অপরিহার্য পরিচিত মুখ ওই সম্পাদক তার অফিসে প্রায়শই বিভিন্ন বিষয় নিয়ে সাংবাদিক ও বিজ্ঞাপন বিভাগের কর্মীদের ওপর রাগারাগি করেন। মাঝেমধ্যে তা গালিগালাজে রূপ নেয়। কিন্তু এভাবে শারীরিকভাবে আক্রমণ একেবারেই নবতর সংস্করণ। এই বিষয়ে সেখানে কর্মরত সাংবাদিকরা কিভাবে প্রতিবাদ করবেন তা বুঝতে পারছেন না বলে কয়েকজন মন্তব্য করেন। বিষয়টি নিয়ে তারা সাংবাদিক ইউনিয়নের সঙ্গে যোগাযোগ করছেন বলেও জানা গেছে।


