নির্বাচনী আচরণবিধি লংঘন করায় জাতীয় সংসদের সরকার দলীয় হুইপ ও শেরপুর-১ আসনের সংসদ সদস্য আতিউর রহমান আতিককে ইউপি নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত শেরপুরে অবস্থান না করার নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন।
বৃহস্পতিবার রাতে কমিশন সচিবালয় থেকে পাঠানো এক জরুরি বার্তায় এ নির্দেশনা দেয়া হয়।
শেরপুর জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ মোখলেছুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
নির্বাচন কমিশন সচিবালয়ের উপ-সচিব ফরহাদ আহমেদ খান স্বাক্ষরিত নির্দেশনায় বলা হয়, গত ৩ মে মঙ্গলবার শেরপুর সদর উপজেলার গাজীরখামার ইউনিয়নের গাজীরখামার উচ্চ বিদ্যালয় পরিদর্শন শেষে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী আওলাদুল ইসলামের পক্ষে স্থানীয়দের কাছে আচরণবিধি লংঘন করে ভোট চান হুইপ আতিক। এ বিষয়ে গত ৪ মে বুধবার দৈনিক যুগান্তরে ছবিসহ সংবাদ প্রকাশিত হয়। সংবাদটি নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করে।
এর প্রেক্ষিতে ৭ মে শেরপুর সদর উপজেলার ৭টি ইউনিয়নের নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করার স্বার্থে শেরপুর-১ আসনের সংসদ সদস্য জাতীয় সংসদের হুইপ আতিউর রহমান আতিককে নির্বাচন শেষ না হওয়া পর্য়ন্ত শেরপুরে অবস্থান না করার নির্দেশনা দেয় নির্বাচন কমিশন।


