বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

যুদ্ধাপরাধীদের ফাঁসি না দিয়ে আজীবন কারাদণ্ড দেয়ার পরামর্শ

dr. jafrulllahএকাত্তরে মানবতাবিরোধী অপরাধীদের ফাঁসি না দিয়ে আজীবন কারাদণ্ড দেওয়ার জন্য সরকারকে পরামর্শ দিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা সভাপতি ডা. জাফরুল্লাহ চৌধুরী। বলেন, যুদ্ধাপরাধীদের ফাঁসি দেওয়াটাই সঠিক বিচার নয়। এসব অপরাধীদের ১শ বছর কিংবা ১২০ বছর কারাদণ্ড হতে পারে। এবং প্রতিবছর গণমাধ্যমে অপরাধীর বিষয়ে প্রতিবেদন করারও পরামর্শ দেন জাফরুল্লাহ।

শুক্রবার দুপুরে রাজধানীর ফটো জার্নালিস্ট এসোসিয়েশন মিলনায়তনে দিগন্ত টেলিভিশন আয়োজিত এক প্রতিবাদী সংহতি সম্মেলনে তিনি এসব কথা বলেন।

দিগন্ত টেলিভিশনের নির্বাহী পরিচালক মাহবুবুল আলমের সভাপতিত্বে ডা. জাফরুল্লাহ চৌধুরী ছাড়াও কবি ফরহাদ মজহার, নয়া দিগন্তের সম্পাদক আলমগীর মহিউদ্দিন, সাংবাদিক নেতা রুহুল আমীন গাজী, এম এ আজিজ, এম আব্দুল্লাহ, সৈয়দ আবদাল আহমেদ, কবি আব্দুল হাই শিকদার, জাহাঙ্গীর আলম প্রধান প্রমুখ বক্তব্য রাখেন।

‘সাময়িক সম্প্রচার নিষেধাজ্ঞার আঁধার দুঃসহ ৩ বছর’ শীর্ষক এই সম্মেলনে জাফরুল্লাহ চৌধুরী বলেন, জামায়াত যদি রাজনীতি করতে চায় তাহলে তাদের দাবিগুলো সুস্পষ্ট করতে হবে। বলতে হবে, আমরা মুক্তিযুদ্ধের চেতনা এবং বাংলাদেশের স্বাধীনতা বিশ্বাসী।

জামায়াতকে আরো বলতে হবে, আমাদের পূর্ব-পুরুষরা পাকিস্তানকে সমর্থন করে ভুল করেছিল। এই কথাটিও সুস্পষ্টভাবে জনগণের মাঝে তুলে ধরতে হবে।

দেশবাসীর আস্থা শেখ হাসিনার ওপর বেড়েছে- দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসওয়ালের এমন বক্তব্যের প্রসঙ্গে তিনি বলেন, ‘বিএনপি ভাবছে, বিদেশীরা তাদের রাষ্ট্র ক্ষমতায় বসিয়ে দিবে। একথা চিন্তা করে যদি বিএনপি বসে থাকে তাহলে আজীবনও তারা ক্ষমতায় আসতে পারবে না। ক্ষমতায় আসার জন্য তাদেরকে রাজপথে নামতে হবে এবং সংগ্রাম করতে হবে।’

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বেতন বৃদ্ধি প্রসঙ্গে জাফরুল্লাহ বলেন, শ্রমিকদের সাথে রাষ্ট্রপ্রধানদের এত বড় বেতন বৈষম্য পৃথিবীর আর কোথাও নেই। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বেতন বৃদ্ধির ফলে, তারা এক মাসে যে টাকা বেতন পাবেন, শ্রমিকরা এক বছরেও সে টাকা পাবে না।

সজিব ওয়াজেদ জয়ের প্রসঙ্গে জাতীয় সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, আমি প্রধানমন্ত্রীর কাছে প্রত্যাশা করেছিলাম, ছেলে ‘সজিব ওয়াজেদ জয়’ প্রসংশা না করে তিনি জয়ের টাকার হিসাব দিবেন। কিন্তু তা তিনি করেননি। তবে আমি জানতে চাই, জয় বাংলাদেশ ও আমেরিকায় ট্যাক্স দেন কি না।

আরও পড়ুন