বর্তমান ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের শাসনামলে দেশে সংখ্যালঘুদের ওপর যে সমস্ত অমানবিক নির্যাতন ও ধ্বংসযজ্ঞ হয়েছে তা অকল্পনীয়- যা পাকিস্তানকেও হার মানিয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের আহ্বায়ক অ্যাডভোকেট গৌতম চক্রবর্তী।
জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে শুক্রবার বিকেলে এ মন্তব্য করেন তিনি।
গৌতম চক্রবর্তী বলেন, ‘সরকারের কাছে সংখ্যালঘুদের ওপর অত্যাচার, সম্পদ দখল, মন্দির-মূর্তি ভাঙচুর, অগ্নিসংযোগ, খুন-ধর্ষণের প্রতিবাদ জানালেও এখন পর্যন্ত কোনো ঘটনার বিচার হয়নি।’
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সরকার সংখ্যালঘুদের ওপর নির্যাতন বন্ধ এবং জড়িতদের বিচার না করলে সংগঠনের নেতাকর্মীদের নিয়ে বর্ধিত সভা করে পরবর্তীতে কঠোর কর্মসূচি ঘোষণার দেওয়া হবে।’
দেশের বিভিন্ন জায়গায় সংখ্যালঘুদের ওপর নির্যাতনের চিত্র তুলে ধরে গৌতম চক্রবর্তী বলেন, অধিকাংশ ক্ষেত্রে স্থানীয় সরকারি প্রভাবশালী ব্যক্তিদের দ্বারা এসব ঘটনা ঘটলেও সরকারের পক্ষ থেকে কোনো প্রতিকার হয়নি বরং বিরোধী দলের ওপর দোষ চাপিয়ে ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে।
তিনি বলেন, ‘বেশির ভাগ ক্ষেত্রে একে অপরের ওপর দোষ চাপিয়েছে। ফলে প্রকৃত দোষী শাস্তি বা বিচারের আওতায় আসেনি। ক্ষতিগ্রস্ত সংখ্যালঘু সম্প্রদায় বিচারহীনতার কারণে হতাশা ও আতঙ্কগ্রস্ত হয়ে দিনাতিপাত করে যাচ্ছে।’
গত কয়েক মাসের ঘটনায় দেখা যায়, সরকারি দলের স্থানীয় প্রভাবশালীরা বহু ঘটনার সঙ্গে সরাসরি জড়িত এমন অভিযোগ করে তিনি বলেন, ‘সরকার যেহেতু দেশ পরিচালনা করছে সেহেতু সকল দায়িত্ব সরকারকে বহন করতে হবে।’
এ সময় তিনি সরকারের মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন ফরিদপুরে ‘জমিদার বাড়ি দখলের ঘটনা’, ঠাকুরগাঁওয়ের সংসদ সদস্য দবির উদ্দিনের হিন্দু সম্প্রদায়ের মানুষের ‘জমি দখল’, পাবনার সাঁথিয়ায় প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী সামসুল হক টুকুর পৃষ্ঠপোষকতায় ‘সংখ্যালঘু নির্যাতন’সহ বিভিন্ন অত্যাচারের চিত্র তুলে ধরেন। সংখ্যালঘুদের ওপর নির্যাতন বন্ধে কার্যকর পদক্ষেপ নিয়ে সরকারের প্রতি আহ্বান জানান সাবেক এই মন্ত্রী।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, কল্যাণ ফ্রন্টের কেন্দ্রীয় নেতা জয়ন্ত কুমার কুন্ডু, অমলেন্দু দাস অপু, অ্যাডভোকেট জন গোমেজ, নকুল সাহা, সুশীল বড়ুয়া, অ্যাডভোকেট মানিক লাল ঘোষ, মিল্টন বৈদ্য, হিমাদ্রীশেখর মন্ডল, উত্তম সরকার, পার্থদেব মন্ডল, সজীব মজুমদার, সাহস রায়, অলক বড়ুয়া, জীবনকৃষ্ণ বড়ুয়া।


