রাজধানীর বংশালের নবাবপুরে স্থানীয় পাইপ ব্যবসায়ী খোকার সঙ্গে তুচ্ছ ঘটনা নিয়ে সংঘর্ষে নবাবপুর পুলিশ ফাঁড়িতে কর্মরত সহাকারী উপপরিদর্শক (এএসআই) আনিসুর রহমান (৩০) গুরুতরভাবে আহত হয়েছেন।
শনিবার সকাল ৯টার দিকে নবাবপুরের কদম আলী গলিতে এ ঘটনা ঘটে। আহতাবস্থায় উদ্ধার করে এএসআই আনিসুরকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসাপতালে ভর্তি করা হয়েছে।
ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোজাম্মেল হক বিষয়টি নিশ্চিত করে জানান, গুরুতর আহত এএসআই আনিসুরকে ঢামেকে চিকিৎসা দেয়া হচ্ছে।
পরে ঢামেক হাসপাতাল পরিদর্শন করে চিকিৎসাধীন এএসআইয়ের খোঁজ নেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া। এসময় তিনি জানান, পুলিশের উপর কোভের কারণেই এ ঘটনা ঘটিয়েছে পাইপ ব্যবসায়ী খোকা।
তিনি আরও জানান, যেহেতু আসামির নাম-পরিচয় জানা গেছে সেহেতু তাকে ধরতে পারলে ঘটনার প্রকৃত কারণ জানা যাবে। ঘটনাস্থলে লোক পাঠানো হয়েছে। তাছাড়া এএসআই আনিসুর রহমান সুস্থ হয়ে উঠলে তার কাছ থেকে বিস্তারিত জানা যাবে।


