দেশে প্রথমবারের মতো দলীয় ব্যানারে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনের চতুর্থ দফার ভোট নানান অনিয়ম, কেন্দ্র দখল, সহিংসতার মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে। শনিবার সন্ধ্যা পর্যন্ত রাজশাহী, কুমিল্লা, নরসিংদী ও ঠাকুরগাঁওয়ে পাঁচ ব্যক্তি নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এর মধ্যে শনিবার দুপুরে রাজশাহীর বাগমারা উপজেলার একটি ইউনিয়নে আওয়ামী লীগ ও দলীয় বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে ২জন, একইদিন দুপুরে ঠাকুরগাঁওয়ে দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ থামাতে পুলিশের গুলি চালালে আরেক ব্যক্তি ও কুমিল্লায় সকালে দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে আরেকজন নিহত হন। এছাড়াও নরসিংদীতে আওয়ামী লীগ ও দলীয় বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে আরেকজন নিহত হন। রাজশাহীতে পৃথক নির্বাচনি সহিংসতায় আরেক ব্যক্তি নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
শনিবার ৭০৩ ইউপিতে নির্বাচনের পর ভোট গণনা চলছে। এই ধাপে পরিস্থিতির আরও অবনতি হয়েছে বলে অভিযোগ করেছে বিএনপি।
ছয় ধাপে ভোটের জন্য গত ১১ ফেব্রুয়ারি তফসিল ঘোষণার পর শনিবারের ভোটের আগ পর্যন্ত ৭০ জনেরও বেশি মানুষের প্রাণহানি হয়।
স্থানীয় সরকারের সবচেয়ে তৃণমূলের এই নির্বাচনে চেয়ারম্যান পদে এবারই প্রথম দলীয় প্রতীকে ভোট হচ্ছে। ৪ জুন ষষ্ঠ ধাপের ভোটের মধ্য দিয়ে এ নির্বাচন শেষ করার পরিকল্পনা রয়েছে ইসির।
আমাদের প্রতিনিধিদের পাঠানো সংবাদ-
রাজশাহী: জেলার বাগমারা উপজেলার আউচমারা ইউনিয়ন পরিষদের নির্বাচনকে কেন্দ্র করে ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ও আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী সরদার জান মোহাম্মদের সমর্থকদের সঙ্গে হাটগাঙ্গো পাড়া এলাকায় দলীয় বিদ্রোহী প্রার্থী ও ইউনিয়নিআওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহীদুজ্জামান শহীদের লোকজনের কথাকাটির সূত্র ধরে ভয়াবহ সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই জাহিদুল ইসলাম বুলু (৩০) ও সিদ্দিকুর রহমান (৩০) নামে দুই যুবক নিহত হন। এ ঘটনায় আরও ৩০ জন আহত হয়েছেন। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। তবে পুলিশের পক্ষ থেকে ঘটনাটি এখনও নিশ্চিত করা সম্ভব হয়নি।
ঠাকুরগাঁও: ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার পাড়িয়া ইউনিয়নের কালডাঙ্গা দাখিল মাদ্রাসা ভোটকেন্দ্রে পুলিশের গুলিতে মাহাবুব হোসেন পল্টু (১৭) নামে এক যুবক নিহত হয়েছেন। শনিবার দুপুরে ওই কেন্দ্রে দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের মধ্যে বিশৃংখলা সৃষ্টি হলে তা নিয়ন্ত্রণে আইনশৃংখলা বাহিনীর সদস্যরা গুলি ছোড়ে। এতে একজন নিহত ও গুলিবিদ্ধসহ অন্তত সাতজন আহত হন। ওই কেন্দ্রে ভোট স্থগিত করে প্রশাসন।
আহতরা হলেন- পুলিশের পরিদর্শক মোসলেম উদ্দিন (৪৫), শহিদুল ইসলাম (৩৫), ওসমান আলী (৩২), রব্বানী (৩৫), নাজিম উদ্দিন (৫৫), শাকিলা (১৪), রহিমুল (৩৮)। এদের মধ্যে নাজিম উদ্দিনের আবস্থা আশঙ্কাজনক। তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদের বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ওই চিকিৎসা কেন্দ্রের চিকিৎসক আবুল কাশেম গুলিতে পল্টুর মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন।
নরসিংদী: জেলার রায়পুরা উপজেলার পাড়াতলী ইউনিয়নের মধ্যনগর এলাকায় জমিদারবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র দখল করে নৌকা প্রতীকে সিল মারার ঘটনাকে কেন্দ্র করে আওয়ামী লীগের প্রার্থী মাসুদুর রহমান মাসুদ ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী জাকির হোসেনের সমর্থকদের মাঝে সংঘর্ষ হয়। এ সময় বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থীর সমর্থক একই এলাকার আ. রাজ্জাকের ছেলে হোসেন আলী (৫৫) টেঁটা বিদ্ধ হন। তাকে উদ্ধার করে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
রায়পুরা থানার উপ-পরিদর্শক মানিক বণিক নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
এছাড়া পৃথক নির্বাচনি সহিংসতার ঘটনায় ছুরিকাঘাতে শ্রীনগর ইউনিয়নের আহমদ আলীর ছেলে সুমন মিয়া (৩০), একই এলাকার সোহাগ মিয়া (২৫), এমদাদ (৩১), সোহাগ ভূইয়া (২৭) আহত হন। তাছাড়া দুর্বৃত্তদের আঘাতে আহত হয়ে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন উত্তর বাখরনগর ইউনিয়ন পরিষদের বিএনপির চেয়ারম্যান প্রার্থী বিপ্লব মিয়া (৪৮)। আহতদের মধ্যে সুমন মিয়াকে গুরুতর অবস্থায় প্রথমে নরসিংদী ও পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
কুমিল্লা: জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার উত্তর চালনায় দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে তাপস চন্দ্র দাস (৩৮) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তাপস চান্দলা গ্রামের কানু চন্দ্র দাসের ছেলে। শনিবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। ব্রাহ্মণপাড়া থানার ওসি এসএম বদিউজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ সূত্র জানায়, সকাল সাড়ে ১০টার দিকে ওই ইউনিয়নের উত্তর চান্দলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের বাইরে মেম্বার প্রার্থী সুলতান আহমেদ ও রেজাউল করিমের কর্মী সমর্থকদের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় রেজাউলের সমর্থক কুপিয়ে তাপসকে হত্যা করা হয়।
ওসি এসএম বদিউজ্জামান জানান, কেন্দ্রের বাইরে দুই মেম্বার প্রার্থীর মধ্যে সংঘর্ষের ঘটনায় তাপস নিহত হয়েছে।


