বুধবার ৪ নভেম্বর ২০২৬

আপনার অর্ধেক বন্ধুই সত্যিকার বন্ধু নয়!

feature_76899প্রায়ই শুনি, বন্ধু নাকি দুই ধরনের। এক. নামের বন্ধু। দুই. প্রাণের বন্ধু। আসলেই কি তাই? ছোটবেলার খেলার সাথী, পাড়ার বন্ধু, স্কুলের সহপাঠী, কলেজের কিংবা বিশ্ববিদ্যালয়ের বন্ধু, সামাজিক যোগাযোগমাধ্যমের অন্তরঙ্গ বন্ধু এমন বহু মানুষকেই হয়ত আপনি ঘনিষ্ঠ বন্ধু হিসেবে মনে করেন। কিন্তু তারা কী আপনাকে তাই মনে করে? সম্প্রতি এক গবেষণায় দেখা গেছে সম্পূর্ণ ভিন্ন তথ্য। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে হিন্দুস্তান টাইমস।

আমরা বন্ধুদের মাঝে কে সত্যিকার বন্ধু এটি নির্ণয়ে সত্যিই আনাড়ি। কারণ সাম্প্রতিক এক গবেষণায় জানা গেছে, আপনি যাদের বন্ধু বলে মনে করেন তাদের মাত্র অর্ধেক বন্ধুই আপনাকে ভালো বন্ধু মনে করে। আর এ কারণে বন্ধুদের তালিকাটি নিয়ে আবার নতুন করে ভেবে দেখতে পারেন।

সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে, সত্যিকার বন্ধু নির্ণয়ে মানুষ বরাবরই আনাড়ি। আর এ বিষয়টি উঠে এসেছে তেল আবিব বিশ্ববিদ্যালয় ও ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজির গবেষণায়।

এ বিষয়ে গবেষক ড. ইরেজ স্মুয়েলি বলেন, ‘আমরা কে আমাদের বন্ধু তা নির্ণয়ে খুবই আনাড়ি।’ তিনি আরও বলেন, ‘আমাদের সঠিক বন্ধু নির্ণয় করার এ সমস্যা পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির ক্ষেত্রে ব্যবস্থাপনা কঠিন করে তোলে। এতে আমরা ক্রমে এ বিষয়টি শিখি যে, কাউকেই বিশ্বাস করা যাবে না। এক্ষেত্রে সহজে কোনো পদ্ধতিতে সম্পর্কের বিষয়টি পরিমাপ করতে পারা উচিত।’

এ বিষয়টি বোঝার জন্য গবেষকরা ছয় শতাধিক শিক্ষার্থীকে অন্তর্ভুক্ত করেন। এতে তারা ইসরায়েল, ইউরোপ ও যুক্তরাষ্ট্রের শিক্ষার্থীদের অন্তর্ভুক্ত করেন। এরপর তাদের বন্ধুদের বিষয়গুলো নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হয়। এ কাজে তারা একটি স্বতন্ত্র সূত্র তৈরি করেন। এতে প্রত্যেক অংশগ্রহণকারীর বন্ধুদের তথ্য সংগ্রহ করা হয়। এ ছাড়া তাদের বন্ধুর সংখ্যা, একাধিক ব্যক্তির মাঝে ‘কমন’ বন্ধুত্ব ইত্যাদি বিবেচনা করা হয়। অংশগ্রহণকারীদের বন্ধুরা একমুখী বা পারস্পরিক কি না, তাও জেনে নেওয়া হয়। এরপর সম্পূর্ণ তথ্য থেকে বন্ধুত্বের স্বরূপ নির্ণয় করা হয়।

এ বিষয়ে গবেষক ড. ইরেজ বলেন, ‘আমরা দেখেছি অংশগ্রহণকারীদের প্রায় ৯৫ শতাংশই মনে করেন তাদের সম্পর্ক পারস্পরিক। আপনি যদি কাউকে বন্ধু বলে মনে করেন তাহলে আশা করবেন যে তিনিও আপনাকে তাই মনে করবেন। কিন্তু তা হয় না। মাত্র ৫০ শতাংশ ক্ষেত্রে উভয়েই নিজেদের বন্ধু বলে মনে করেন।’

গবেষণাটির ফলাফল প্রকাশিত হয়েছে প্লস ওয়ান জার্নালে। আর এতেই উঠে এসেছে বন্ধুত্বের এ তথ্য। যেখানে গবেষকরা জানাচ্ছেন, ৫০ শতাংশ বা অর্ধেক মানুষের ক্ষেত্রে উভয়েই উভয়কে বন্ধু বলে মনে করে।

আরও পড়ুন