চট্টগ্রামে অস্ত্র ও গুলিসহ আটক মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুল আজিম রণিকে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
ভ্রাম্যমাণ আদালতের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হারুনুর রশিদ এ আদেশ দেন।
নির্বাচনে প্রভাব খাটানোর অভিযোগ এনে ইউনিয়ন পরিষদ নির্বাচন বিধিমালা ২০১৬- এর দুটি ধারায় তাকে অভিযুক্ত করে এ দণ্ডাদেশ দেয়া হয়।
ভ্রাম্যমাণ আদালতের রায়ের কপি থানায় এসে পৌঁছালে রোববার বেলা ১১টার দিকে রনিকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।
এর আগে শনিবার চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন চলাকালে দুপুরে হাটহাজারী উপজেলার মির্জাপুর থেকে অস্ত্র ও গুলিসহ নুরুল আজিম রণি ছাড়াও আরও ৮ জনকে আটক করা হয়।
নির্বাচনে দায়িত্বরত জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হারুনুর রশিদের নেতৃত্বে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তাদের আটক করে।
হাটহাজারী থানার ওসি মো. ইসমাইল জানিয়েছেন, শনিবার রাতেই জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হারুনুর রশিদের নেতৃত্বাধীন ভ্রাম্যমাণ আদালত চট্টগ্রাম মহানগর ছাত্রলীগ নেতা নুরুল আজিম রণিকে দুই বছরের কারাদণ্ডাদেশ দেন।
আজ সকালে আদেশের কপি থানায় পোঁছালে তাকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।


