
ফেনীর পরশুরামের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এইচ এম রকিব হায়দারের উপর হামলার মামলার প্রধান দুই আসামিকে তিন দিনেও গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
পুলিশ বলছে, দুই আসামি জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি খায়রুল বাশার মজুমদার তপন, চিথলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান জসিম উদ্দিন বুইজ্জাকে গ্রেপ্তারে চেষ্টা চলছে।
এদিকে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম’র বরাত দিয়ে ফেনী জেলা প্রশাসক মো. আমিন উল আহসান রোববার সাংবাদিকদের বলেছেন, ঘটনার তদন্তে একটি আলাদা কমিটি গঠন করবে মন্ত্রিপরিষদ বিভাগ।
মন্ত্রিপরিষদ সচিব জেলা প্রশাসককে আহত উপজেলা নির্বাহী কর্মকর্তাকে দেখাশোনার দায়িত্ব দিয়েছেন। বিকালে চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মো. রুহুল আমীন আহত ইউএনও শারীরিক অবস্থার খোঁজ-খবর নিতে ফেনী জেলা সদর হাসপাতালে যান। এর আগে নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খান, স্থানীয় সাংসদ নিজাম উদ্দিন হাজারী চিকিৎসাধীন ইউএনওকে দেখে আসেন।
ফেনী জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সরওয়ার জাহান সাংবাদিকদের জানান, আহত ইউএনও রকিবের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। তবে আরও দু-তিন তাকে হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণে রাখা হবে।
শুক্রবার দুপুরে নৌমন্ত্রীর একটি অনুষ্ঠানস্থলের পাশে উপজেলার ধনিকুণ্ড এলাকায় জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি খায়রুল বাসার মজুমদার তপন ও তার সমর্থকরা কিল-ঘুষি মেরে ইউএনওকে আহত করে বলে অভিযোগ করা হয়েছে।
হামলার ঘটনায় ইউএনওর গাড়িচালক আবুল কাশেম বাদী হয়ে দ্রুত বিচার আইনে সেদিনই মামলা করেন। মামলায় তপন, জসিমসহ সাতজনের নাম উল্লেখ করে অজ্ঞাত পরিচয়ের আরও ১০-১২ জনকে আসামি করা হয়।
পরশুরাম মডেল থানার ওসি আবুল কাশেম চৌধুরী বলেন, এজাহারের আসামি পরশুরাম পৌরসভার ৪নং ওয়ার্ড কাউন্সিলর ও উপজেলা শ্রমিক লীগের আহ্বায়ক আবদুল মান্নানসহ ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। প্রধান দুই আসামিকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
উপজেলা চেয়ারম্যানের প্রতিবাদ
ইউএনওর উপর হামলার ঘটনায় নাম জড়িয়ে সংবাদ প্রকাশের প্রতিবাদ জানিয়ে রোববার ফেনী জেলা শহরে সংবাদ সম্মেলন করেছেন পরশুরাম উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামাল উদ্দিন মজুমদার। সংবাদ সম্মেলনে তিনি বলেন, “একটি জাতীয় দৈনিক পত্রিকা ও একটি অনলাইন পত্রিকা আমার বিরুদ্ধে মিথ্যা সংবাদ পরিবেশন করেছে। ঘটনার সময় আমি ওই স্থানে উপস্থিত ছিলাম না এবং কোনোভাবে জড়িতও নই।”
জেলা আওয়ামী লীগ সভাপতি আবদুর রহমান, ফেনী পৌর মেয়র আলাউদ্দিন, দাগনভূইয়া উপজেলা চেয়ারম্যান দিদারুল কবির রতন, সোনাগাজী উপজেলা চেয়ারম্যান কামরুল আনাম এই সংবাদ সম্মেলনে ছিলেন।


