বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

যশোর কারা কম্পাউন্ডে ফের বোমা হামলা

13300_jessoreযশোর  কেন্দ্রীয় কারাগার কম্পাউন্ডে ফের বোমা হামলার ঘটনা ঘটেছে। কারাগারের পশ্চিম পাশের রাস্তা থেকে গত রোববার রাত সাড়ে ১১টার দিকে দুর্বৃত্তরা একটি বোমা ছুড়ে মারে। বোমাটি বিকটশব্দে বিস্ফোরিত হলেও কোনো ক্ষয়ক্ষতি হয়নি। কারা কর্তৃপক্ষ এ ঘটনা নিশ্চিত করেছে। তবে কে বা কারা এর সঙ্গে জড়িত তা তারা নিশ্চিত হতে পারেনি।

এদিকে অব্যাহত বোমা হামলার ঘটনায় কারাগারের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়ছেন কারাকর্তৃপক্ষ। নিরাপত্তাহীনতায় ভুগছেন কারারক্ষীরা।
এর আগে গত বছরের  ১ সেপ্টেম্বর প্রায় একই স্থান থেকে দুর্বৃত্তরা বোমা ছুড়ে মেরেছিল কেন্দ্রীয় কারাগার কম্পাউন্ডে। এছাড়া ওই বছরের আগস্ট মাসের শেষ সপ্তাহে যশোর কেন্দ্রীয় কারাগারের প্রধান ফটক-সংলগ্ন একটি দোকানে বোমা হামলার ঘটনা ঘটে। ওই দোকানটিও কারাগারের জায়গায় অবস্থিত।

ওই এলাকার বাসিন্দা এবং গোয়েন্দা সূত্র জানায়, কারাগারের পশ্চিম পাশের ব্যস্ত সড়ক জেল রোড থেকে অজ্ঞাত দুর্বৃত্তরা বোমাটি ছুড়ে মারে। বোমাটি কারারক্ষী ব্যারাকের ওপর দিয়ে এসে গ্যারেজের কাছে পড়ে বিস্ফোরিত হয়। বিকট শব্দে আতঙ্ক সৃষ্টি হলেও কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

যশোর কেন্দ্রীয় কারাগারের সিনিয়র সুপার শাজাহান আহমেদ কারা কম্পাউন্ডে বোমা নিক্ষেপের কথা স্বীকার করেছেন। তিনি বলছেন, ‘আতঙ্ক বা ভীতি সৃষ্টির জন্য দুর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়েছে বলে মনে হচ্ছে।’

কারা এই বোমা হামলার সঙ্গে জড়িত তা নিশ্চিত করতে পারেননি কারা কর্মকর্তা শাজাহান আহমেদ। তবে কারাগারের পক্ষ থেকে বিষয়টি পুলিশকে জানানো হয়েছে।
কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইলিয়াস হোসেন রাত ১১টার দিকে বলেন, ‘কারা কর্তৃপক্ষের কাছ থেকে খবর পেয়ে আমিফার্স নিয়ে ঘটনাস্থলে এসেছি। বিস্ফোরিত বোমার আলামত সংগ্রহ করার চেষ্টা করছি।’

কারা এই ঘটনার সঙ্গে জড়িত পুলিশের এই কর্মকর্তাও তা নিশ্চিত করতে পারেননি। রাত ১২টার দিকে অবশ্য ওসি দাবি করেন, ‘ঘটনাস্থলে বিস্ফোরণের কোনো আলামত পাওয়া যায়নি।’

এর আগে গত বছরের ১ সেপ্টেম্বর রাত পৌনে দশটার দিকে প্রায় একই স্থান থেকে কারাগার কম্পাউন্ডে বোমা ছুড়ে মেরেছিল অজ্ঞাত দুর্বৃত্তরা। সে সময় বোমাটি কারারক্ষী বিল্লালের বাসভবনের বাথরুমের ছাদে বিস্ফোরিত হয়। এর স্পিন্টারের আঘাতে একটি বালতি ক্ষতিগ্রস্ত হয়েছিল। তবে কোনো মানুষের ক্ষতি হয়নি।’
তার  এক সপ্তাহ আগে কারাগারের জায়গার অবস্থিত জনৈক কামালের দোকানে বোমা হামলা হয়েছিল। আগের দুই দফা বোমা হামলার ঘটনায় কারা জড়িত পুলিশ আজও তা শনাক্ত করতে পারেনি বলে সংশ্লিষ্ট সূত্র জানায়।

আরও পড়ুন