ঢাকাই চলচ্চিত্রে মাহিয়া মাহির শুরুটা হয়েছিল জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত ‘ভালোবাসার রঙ’ সিনেমার মাধ্যমে। এরপর জাজের এক ডজন সিনেমায় নায়িকা হয়েছেন মাহি। সেই শুরু থেকে মাহি এবং জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজের মধ্যে প্রেমের সম্পর্ক রয়েছে বলে গুঞ্জন শোনা যায়।
যদিও এর আগে একাধিকবার সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে আব্দুল আজিজকে ‘ভাইয়্যা’ বলে পরিচয় দিয়েছেন মাহি। কিন্তু এবার পুরোনো গুঞ্জন যেন সত্যি হলো! আব্দুল আজিজ নিজেই জানালেন মাহির সঙ্গে তার প্রেমের সম্পর্কের কথা।
মা দিবসে আব্দুল আজিজের দেওয়া একটি ফেসবুক স্ট্যাটাসকে ঘিরে সেই গুঞ্জন আবারও আলোচনা ছড়িয়েছে সিনেমা পাড়ায়। রবিবার (৮ মে) মা দিবসে, মাকে নিয়ে দীর্ঘ স্ট্যাটাস দেন আব্দুল আজিজ। এই স্ট্যাটাসের এক জায়গায় আজিজ মাহির সঙ্গে তার প্রেমের সম্পর্ক থাকার বিষয়টি স্বীকার করেন।
আব্দুল আজিজ লেখেন, ‘মাহির সঙ্গে আমার তখন গভীর প্রেম। মাহি একদিন জিজ্ঞেস করল, যদি তোমার মা বলে, আমার সঙ্গে সম্পর্ক না রাখতে, তুমি কী করবে?আমি বলেছিলাম, মা যদি বলে তোমাকে ছেড়ে দিতে, আমি উনাকে দ্বিতীয় কোনো কথা জিজ্ঞাস করব না, সোজা তোমার সঙ্গে সম্পর্ক ব্রেক করে দেব। কিন্তু তুমি এইটুকু নিশ্চিত থাক উনি কোনো দিন আমাকে এই কথা বলবেন না।’
আব্দুল আজিজের এই স্ট্যাটাসে মাহির সঙ্গে তার প্রেমের সম্পর্ক থাকার বিষয়টি আবারও সামনে চলে এলো। তবে ফেসবুকে যে মাহির সঙ্গে প্রেমের সম্পর্কের কথা লিখেছেন আজিজ সেটি চিত্রনায়িকা মাহি কি না এই বিষয়টি স্পষ্ট নয়।
এ বিষয়ে মাহি ও আজিজকে সোমবার দুপুরে ফোন করলে তাদের ফোন বন্ধ পাওয়া যায়।


