ইউনিয়ন পরিষদ নির্বাচনের পঞ্চম ও ষষ্ঠ ধাপেও অংশ নিচ্ছে বিএনপি; দলের স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে খালেদা জিয়ার বৈঠকে নেয়া হয়েছে এই সিদ্ধান্ত।
সোমবার রাতে চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ের এ বৈঠক হয়। এসময় ইউপি নির্বাচনে মনোনয়ন বাণিজ্যের অভিযোগে ক্ষোভ জানান কমিটির সদস্যরা। এ বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেয়ার দাবিও জানানো হয়। এছাড়া, দলের নতুন স্থায়ী কমিটি ও নির্বাহী কমিটি গঠন নিয়ে নেতাদের সাথে আলোচনা করেন খালেদা জিয়া। স্থায়ী কমিটির শূন্য পদে কাদের দায়িত্ব দেয়া যায় তা নিয়েও নেতাদের পরামর্শ চান বিএনপি প্রধান।


