শাশুড়িকে হত্যার দায়ে এক নারীকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। একইসঙ্গে আদালত তাকে ১০ হাজার টাকা জরিমানা করেছে বলে জানিয়েছেন আদালত পরিদর্শক মো. রবিউল ইসলাম।
মঙ্গলবার দুপুরে গাজীপুর দায়রা জজ আদালতের বিচারক এ কে এম এনামুল হক এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত রোজিনা গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক উত্তরপাড়া এলাকার মো. পারভেজের স্ত্রী। জামিন নিয়ে পলাতক রয়েছেন তিনি।
মামলার নথির বরাত দিয়ে রবিউল ইসলাম জানান, বিয়ের পর থেকেই শাশুড়ি পারভিনের সঙ্গে মাঝে মধ্যে ঝগড়া হত রোজিনার। ২০১৫ সালের ১৫ জানুয়ারি মা-স্ত্রীকে বাড়িতে রেখে আত্মীয়ের বাড়ি বেড়াতে যান পারভেজ। পরদিন সকালে বাড়ি ফিরে স্ত্রীকে একা এবং মায়ের ঘরে তালা লাগানো দেখে তার কথা জানতে চাইলে রোজিনা উল্টা পাল্টা কথা বলে।
“এক পর্যায়ে পালানো চেষ্টা করলে স্থানীয়দের সহায়তা তাকে আটক করা হয়। পরে মায়ের কক্ষের বেড়ার ফাঁক দিয়ে উঁকি মেরে তার মাথা থেতলানো লাশ পড়ে থাকতে দেখতে পান পারভেজ।”
ওই ঘটনায় ১৬জানুয়ারি কালিয়াকের থানায় একটি মামলা করেন তিনি। একই বছরের ৩১ মে রোজিনার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ।


