বহুল আলোচিত সাভারের রানা প্লাজা ধসের ঘটনায় ইমারত নির্মাণ আইনে দায়ের করা মামলায় ভবন মালিক সোহেল রানাসহ ১৮ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির জন্য ২৬ মে দিন ঠিক করেছেন আদালত।
মঙ্গলবার ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মোস্তাফিজুর রহমান আসামি পক্ষের সময়ের আবেদন মঞ্জুর করে এ দিন ঠিক করেন। এদিন মামলার অভিযোগ গঠন শুনানির দিন ঠিক ছিল।
অভিযোগ গঠন শুনানির প্রথম দিন হওয়ায় আসামি পক্ষের আইনজীবীরা শুনানি পেছানোর জন্য সময়ের আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন।
২০১৩ সালের ২৪ এপ্রিল সকাল ৯টার সময় ধসে পড়ে সাভারের রানা প্লাজা। এতে ভবনের নিচে চাপা পড়েন সাড়ে পাঁচ হাজার পোশাক শ্রমিক। এ ঘটনায় এক হাজার ১৩৬ জনের মৃতদেহ উদ্ধার করা হয়। আহত ও পঙ্গত্ব বরণ করে প্রায় দুই হাজার শ্রমিক।
ধ্বংসস্তূপের নিচ থেকে দুই হাজার ৪৩৮ জনকে জীবিত উদ্ধার করা হয়। এ ঘটনায় ইমারত নির্মাণ আইন না মেনে ভবন নির্মাণ করায় রাজউকের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. হেলাল উদ্দিন বাদি হয়ে সাভার থানায় মামলাটি দায়ের করেন।
গত বছরের ২৬ এপ্রিল সিআইডির সহকারী পুলিশ সুপার বিজয় কৃষ্ণ কর ভবন মালিক সোহেল রানাসহ ১৮ জনের জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। অভিযোগপত্রে ১৩০ জনকে সাক্ষী করা হয়েছে।
মামলার আসামিরা হলেন ভবন মালিক সোহেল রানা, রানার মা মর্জিনা বেগম, বাবা আবদুল খালেক, সাভার পৌরসভার তৎকালীন মেয়র রেফাত উল্লাহ, কাউন্সিলর মোহাম্মদ আলী খান, সাভার পৌরসভার সাবেক সহকারী প্রকৌশলী মাহবুবুর রহমান, রাকিবুল হাসান, সারোয়ার, বজলুস সামাদ, আমিনুল, আনিসুর রহমান, উত্তম কুমার, মাহবুবুল আলম, রেজাউল ইসলাম, আজিজুল, ঠিকাদার নান্টু, মাহামুদুর রহমান ও রফিকুল ইসলাম। জেল হাজতে থাকা আসামিদের এদিন আদালতে হাজির করা হয়।


