বুধবার ৪ নভেম্বর ২০২৬

মানিকগঞ্জে গাছের সঙ্গে বাসের ধাক্কা, নিহত ৩

Accident20160511023809ঢাকা-আরিচা মহাসড়কে মানিকগঞ্জের মানড়া এলাকায় গাছের সঙ্গে ধাক্কা লেগে যাত্রীবাহী একটি বাসের তিন যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ২৬ জন।

গতকাল মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহত ব্যক্তিরা হলেন—মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার সন্ধ্যাদিয়া এলাকার ভবরঞ্জন রায়ের স্ত্রী অঞ্জু দে (৩২), বরিশালের গৌরনদী উপজেলার সিদ্দিকুর রহমানের ছেলে সুমন বেপারী (২৮) ও একই উপজেলার আবদুল গনি হাওলাদারের ছেলে নজরুল (৪০)। তিনজনের লাশই মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

আহত ব্যক্তিদের পরিচয় জানা যায়নি। তাঁদের মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, রাতে ঢাকার গাবতলী থেকে যাত্রী নিয়ে বাসটি বরিশাল রওনা হয়। রাত ২টার দিকে মানিকগঞ্জ বাসস্ট্যান্ডর কাছে জেলা মৎস্য ভবনের সামনের সড়কে মানড়া এলাকায় গাছের সঙ্গে সজোরে ধাক্কা খায় বাসটি। এ সময় বাসের সামনের অংশ দুমড়েমুচড়ে গাছের সঙ্গে আটকে যায়। এতে বাসের অন্তত ২৯ জন আহত হন। তাঁদের উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক এক নারীসহ তিনজনকে মৃত ঘোষণা করেন।

মানিকগঞ্জ সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তৌহিদ হোসেন জানান, ভর্তি রোগীদের মধ্যে কয়েকজনের শারীরিক অবস্থার অবনতি হচ্ছে। এ কারণে তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের প্রক্রিয়া করা হচ্ছে। আর অন্যদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।

এ ব্যাপারে গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল আলম জানান, মানিকগঞ্জ সদর হাসপাতালেই লাশগুলোর ময়নাতদন্তের প্রক্রিয়া করা হচ্ছে। আর তাঁদের পরিচয় জানারও চেষ্টা চলছে।

আরও পড়ুন