এসএসসি ও সমমানের পরীক্ষায় এবার সারা দেশে চার হাজার ৭৩৪টি শিক্ষা প্রতিষ্ঠানের শতভাগ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে, যে সংখ্যা গতবারের চেয়ে ৩৬১টি কম।
গত বছর এই পরীক্ষায় ৫ হাজার ৯৫টি শিক্ষা প্রতিষ্ঠানের শতভাগ শিক্ষার্থী পাস করেছিল।
গতবছর ২৭ হাজার ৮১৬টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়। এবার ২৮ হাজার ১০৭টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এই পরীক্ষায় বসে।
এই হিসেবে এবার শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা ৯৭টি বাড়লেও শতভাগ পাস করা শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা কমেছে ৩৬১টি।
২০১৪ সালে দেশের ৭ হাজার ২১০টি প্রতিষ্ঠানের শতভাগ শিক্ষার্থী মাধ্যমিক পরীক্ষায় পাস করে। গত দুই বছরই শতভাগ পাস করা শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা কমল।
এবার ঢাকা বোর্ডে ৫৫৭টি, রাজশাহী বোর্ডে ৮০০টি, কুমিল্লা বোর্ডের ১১৯টি, দিনাজপুর বোর্ডের ২৬৯টি, সিলেট বোর্ডের ৬২টি, যশোর বোর্ডের ৩৫৭টি, বরিশাল বোর্ডের ৭৯টি এবং চট্টগ্রাম বোর্ডের ৮৮টি শিক্ষা প্রতিষ্ঠানের সব শিক্ষার্থী পাস করেছে।
এছাড়া মাদ্রাসা বোর্ডের ২ হাজার ১৩৪টি এবং কারিগরি বোর্ডের ২৬৯টি প্রতিষ্ঠানের সবাই পাস করেছে।
মাধ্যমিক ও সমমানের পরীক্ষায় এবার ৮৮ দশমিক ২৯ শতাংশ শিক্ষার্থী পাস করেছেন, যাদের মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ১ লাখ ৯ হাজার ৭৬১ জন।


