নারীর প্রতি সহিংসতা বন্ধ করতে জরুরি ভিত্তিতে পুলিশের মানসিকতা পরিবর্তন করতে বলেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া।
তার মতে, নারীর প্রতি সহিংসতার ঘটনায় মাত্র ৫ ভাগ অভিযোগ পুলিশের কাছে আসে। বাকি অভিযোগগুলো আলোর মুখ দেখে না।
এ অবস্থার পরিবর্তনে পুলিশকেই মানসিকতা পরিবর্তন করতে হবে বলে মনে করেন কমিশনার।
বুধবার সকালে রাজধানীর তেজগাঁও ভিকটিম সাপোর্ট সেন্টারে বাংলাদেশ মহিলা পরিষদ আয়োজিত ‘নারী ও কন্যাশিশু নির্যাতন’ শীর্ষক এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
আছাদুজ্জামান মিয়া বলেন, অন্য যেকোনো দেশের তুলনায় বাংলাদেশে নারীর সুরক্ষা আইন খুবই মজবুত। কিন্তু এ আইনের যথাযথ প্রয়োগ হচ্ছে না।
তার মতে, ভিকটিমদের রক্ষায় কেবল আইনের দিক দেখলেই চলবে না। মানবিক দিক বিবেচনা করতে হবে।
ডিএমপি কমিশনার বলেন, ইদানিং ধর্মীয়, সামাজিক, নৈতিক ও নাগরিক মূল্যবোধের চরম অবক্ষয় ঘটেছে। একারণে কেবল নারীর প্রতি সহিংসতাই বাড়ছে না, সমাজে নানা সমস্যার প্রকট আকার ধারণ করেছে।
মহিলা পরিষদের সভাপতি আয়শা খানমের সভাপতিত্বে কর্মশালায় আরও বক্তব্য রাখেন ডিএমপির যুগ্ম-কমিশনার কৃষ্ণপদ রায়, উইমেন সার্পোট অ্যান্ড ইনভেস্টিগেশনের উপকমিশনার ফরিদা ইয়াসমিন, মহিলা পরিষদের সাধারন সম্পাদক অ্যাডভোকেট মাসুদা রেহেনা বেগম প্রমুখ।


