খুলনা জেলার নির্বাচিত ইউনিয়ন পরিষদের ৬৬ জন চেয়ারম্যান শপথগ্রহণ করেছেন। বুধবার দুপুর ১২টায় খুলনা জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এ শপথগ্রহণ অনুষ্ঠিত হয়। তাদের শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক নাজমুল আহসান।
এ সময় অন্যান্যদের মধ্যে খুলনার স্থানীয় সরকার বিষয়ক উপ-পরিচালক মো. হাবিবুল হক খান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. জাহাঙ্গীর হোসেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান, পৌরসভার মেয়রসহ বিভন্ন নেতৃস্থানীয় ব্যক্তি উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে খুলনা জেলার নয় উপজেলার ৬৭টি ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যানরা শপথ নেন। শপথ গ্রহণ শেষে চেয়ারম্যানরা ইউনিয়নবাসীর জন্য আগামীতে নতুন নতুন সেবা প্রদানের প্রত্যয় ব্যক্ত করেন।
উল্লেখ্য, চলতি বছরের ২২ মার্চ খুলনার ৯টি উপজেলার ৬৮ টি ইউনিয়নের মধ্যে ৬৭টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়। রূপসা উপজেলার ঘাটভোগ ইউপির নির্বাচন অনুষ্ঠিত হয়নি। আর দিঘলিয়া উপজেলার যোগীপোল ইউপির দু’টি কেন্দ্রের ফলাফল স্থগিত থাকায় এ ইউনিয়নের চেয়ারম্যান শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশ নেয়নি।


