মানবতাবিরোধী অপরাধের অভিযোগে জামায়াতে ইসলামীর আমির ও সাবেক মন্ত্রী মতিউর রহমান নিজামীর মৃত্যুদণ্ডের রায় কার্যকর করার প্রতিবাদে জামায়াতের ডাকা দেশব্যাপী ২৪ ঘণ্টার হরতাল চলছে।
বৃহস্পতিবার সকাল ৬টায় সারা দেশে এ হরতাল শুরু হয়েছে। চলবে আগামীকাল শুক্রবার সকাল ৬টা পর্যন্ত।
এদিকে হরতালে এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। দেশব্যপী শান্তিপূর্ণ হরতাল চলছে বলে জানা গেছে।
মঙ্গলবার রাতে ঢাকা কেন্দ্রীয় কারাগারে মতিউর রহমান নিজামীর মৃত্যুদণ্ড কার্যকর করার পরই এর প্রতিবাদে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দেশব্যাপী ২৪ ঘণ্টার হরতালসহ ৩ দিনের কর্মসূচি ঘোষণা করেন জামায়াতের ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদ।
মাওলানা মতিউর রহমান নিজামীকে পরিকল্পিতভাবে সরকার কর্তৃক ফাঁসিরকাষ্ঠে ঝুলিয়ে হত্যা করার নিন্দা জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর মকবুল আহমাদ।
ইতোমধ্যে বুধবার তারা সারা দেশে নিজামীর গায়েবানা জানাজার নামাজ আদায় করেছে। আগামীকাল শুক্রবার মতিউর রহমান নিজামীর জন্য দেশব্যাপী দোয়া দিবসও পালন করবে দলটি।
বিবৃতিতে হরতালসহ ঘোষিত কর্মসূচি সফল করার জন্য দলীয় নেতাকর্মীসহ দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন মকবুল আহমাদ।
অপরদিকে, আজকের হরতাল সফল করতে ঢাকাবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর আমির মাওলানা রফিকুল ইসলাম খান।
গতকাল গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে রফিকুল ইসলাম বলেন, মতিউর রহমান নিজামীর হত্যাকাণ্ডে জনগণ ফুঁসে উঠতে শুরু করেছে। সরকারের রক্ষচক্ষু ও পুলিশী বাঁধা উপেক্ষা করে রাজধানীর বায়তুল মোকাররাম জাতীয় মসজিদে স্বল্প সময়ে বৃহত্তর নামাজে জানাজা প্রমাণ করে মতিউর রহমান নিজামীর বিরুদ্ধে আনিত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, তাঁর বিরুদ্ধে আনিত অভিযোগ দেশবাসী বিশ্বাস করেনা। নিজামীর নির্মম ও নিষ্ঠুর হত্যাকা- দেশের সচেতন ও ইসলামপ্রিয় জনতা স্বাভাবিকভাবে মেনে নেয়নি বরং এই হত্যাকা-কে চ্যালেঞ্জ হিসাবে গ্রহণ করে আগামী দিনে সফল ইসলামী বিপ্লবের জন্য দীপ্ত শপথ গ্রহণ করেছে।
রফিকুল ইসলাম নিজামীকে হত্যার প্রতিবাদে আগামী ১৩ মে শুক্রবার দেশ ও দেশের জনগণের কল্যাণে এবং নিজামীর জন্য দেশব্যাপী দোয়া কর্মসূচি’ ঘোষণা করেন।
বিবৃতিতে বলা হয়, ‘হাসপাতাল, অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস ও সংবাদপত্রের সঙ্গে সংশ্লিষ্ট গাড়ি এবং ওষুধের দোকান হরতালের আওতামুক্ত থাকবে।


