মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াত আমির মতিউর রহমান নিজামীর ফাঁসির প্রতিবাদ জানিয়ে তুরস্ক সরকার ঢাকা থেকে তাদের রাষ্ট্রদূতকে আঙ্কারায় ফিরিয়ে নিয়েছে।
বৃহস্পতিবার রাষ্ট্রদূতকে ডেকে পাঠানোর বিষয়টি তুরস্কের প্রেসিডেন্ট রেসেপ তায়েপ এরদোয়ান নিজেই জানিয়েছেন বলে রয়টার্সের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
রাষ্ট্রদূত ডেভরিম ওসতুর্ক ২০১৫ সালের সেপ্টেম্বর থেকে ঢাকায় দায়িত্ব পালন করে আসছিলেন। তিনি বৃহস্পতিবারই আঙ্কারায় ফিরতে পারেন বলে তুরস্কের ইংরেজি নিউজ পোর্টাল হুররিয়াত ডেইলি নিউজের খবরে জানানো হয়েছে।
বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতাকারী দল জামায়াতে ইসলামীর পক্ষ নিয়ে পাকিস্তানের মতো তুরস্কও যুদ্ধাপরাধীদের বিচারের বিরোধিতা করে আসছে। গত মঙ্গলবার ঢাকায় নিজামীর ফাঁসি কার্যকরের পরদিন এর তীব্র নিন্দা জানিয়ে বিবৃতি দেয় তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়।


