বুধবার ৪ নভেম্বর ২০২৬

ঢাকা-দিল্লি সম্পর্ক সহযোগিতার রোল মডেল: প্রধানমন্ত্রীকে জয়শঙ্কর

Dhaka-Photo-Hasina-Meet_Indian Foreign Secratary-11-05-16aবাংলাদেশ ও ভারতের মধ্যে বর্তমান দ্বিপক্ষীয় সম্পর্ককে সহযোগিতার রোল মডেল হিসেবে অভিহিত করেছেন ভারতীয় পররাষ্ট্রসচিব ড. সুব্রামনিয়াম জয়শঙ্কর। বুধবার সন্ধ্যায় ঢাকায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাতে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক নিয়ে তিনি তাঁর মূল্যায়ন তুলে ধরেন। তিনি বলেন, এমন সম্পর্ক গড়তে বাংলাদেশের ভূমিকার ভূয়সী প্রশংসা করে থাকে ভারত।

উল্লেখ্য, পররাষ্ট্রসচিব মো. শহীদুল হকের আমন্ত্রণে দুই দিনের সফরে ভারতের পররাষ্ট্রসচিব বুধবার বিকেলে ঢাকায় পৌঁছান। সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ভারতের পররাষ্ট্রসচিবের সাক্ষাতে নিরাপত্তাসহ দ্বিপক্ষীয় সব বিষয়ে আলোচনা হয়। ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের ঢাকা সফরের প্রস্তুতির অংশ হিসেবে পররাষ্ট্রসচিব জয়শঙ্কর এ সফর করছেন। বাংলাদেশের সঙ্গে যৌথ পরামর্শক কমিশনের বৈঠকে অংশ নিতে সুষমা স্বরাজের আগামী জুলাই মাসে ঢাকায় আসার কথা রয়েছে।

বার্তা সংস্থা ইউএনবি জানায়, ভারতের পররাষ্ট্রসচিবের সাক্ষাতের পর প্রধানমন্ত্রীর প্রেসসচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করেন। ভারতের পররাষ্ট্রসচিব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঢাকা সফরে তাঁর দেশের অঙ্গীকার বিষয়ে বলেন, ১৪টি অঙ্গীকারের মধ্যে আটটি ইতিমধ্যে পুরোপুরি বাস্তবায়ন করা হয়েছে। তিনি বলেন, ‘আমরা ইতিমধ্যে ভালো অগ্রগতি করেছি। প্রায় এক বছরের মধ্যে আটটি অঙ্গীকার ইতিমধ্যে পূরণ হয়েছে এবং বাকিগুলো পূরণের বিষয়েও আমরা পুরোদমে কাজ করছি।’

ভারতের পররাষ্ট্রসচিব বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যুৎ এবং তরল প্রাকৃতিক গ্যাস (এলএনজি)/তরল পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) খাত নিয়ে কাজ করার ক্ষেত্রেও ভালো অগ্রগতি হয়েছে। তিনি বলেন, বেশ কয়টি ভারতীয় কম্পানি বাংলাদেশে গভীর সমুদ্রবন্দর নির্মাণে আগ্রহ দেখিয়েছে। এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, কনসোর্টিয়ামের মাধ্যমে গভীর সমুদ্রবন্দর নির্মাণ করা হতে পারে।

ভারতের পররাষ্ট্রসচিব সার্ক স্যাটেলাইট উেক্ষপণের উদ্যোগে তাঁর দেশকে সমর্থন দেওয়ায় বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানান। অন্যদিকে নরেন্দ্র মোদির ঐতিহাসিক ঢাকা সফরে অঙ্গীকারগুলো বাস্তবায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সন্তোষ প্রকাশ করেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘নরেন্দ্র মোদির সফরের মধ্য দিয়ে দুই প্রতিবেশী রাষ্ট্রের মধ্যে দ্বিপক্ষীয় বন্ধন নতুন উচ্চতায় পৌঁছেছে। বলা যায়, আমরা এখন সবচেয়ে ভালো সম্পর্ক উপভোগ করছি।’

ভারতীয় সংসদে স্থলসীমান্ত চুক্তি (এলবিএ) অনুমোদনের প্রসঙ্গে উল্লেখ করে প্রধানমন্ত্রী ভারত সরকার, বিশেষ করে সর্বসম্মতিক্রমে বিলটি গ্রহণের জন্য লোকসভা ও রাজ্যসভার সদস্যদের ধন্যবাদ জানান। তিনি বলেন, ‘এটি অন্যদের জন্য দৃষ্টান্ত সৃষ্টি করেছে।’

প্রথানমন্ত্রীর সঙ্গে ভারতীয় পররাষ্ট্রসচিবের সাক্ষাতের সময় ভারতে বাংলাদেশের হাইকমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলী, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. আবুল কালাম আজাদ, পররাষ্ট্রসচিব মো. শহীদুল হক, বাংলাদেশে ভারতীয় হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা, উপহাইকমিশনার ড. আদর্শ সোয়াইকা প্রমুখ উপস্থিত ছিলেন।

গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর ভারতীয় পররাষ্ট্রসচিব ঢাকায় একটি রাষ্ট্রীয় অতিথি ভবনে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে সাক্ষাৎ করেন। সেখানে ভারতীয় পররাষ্ট্রসচিবের সম্মানে নৈশভোজেরও আয়োজন করা হয়।

জানা গেছে, ভারতের পররাষ্ট্রসচিব বৃহস্পতিবার সকালে একটি হোটেলে থিংক ট্যাংক ও নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করবেন। এরপর বৃহস্পতিবার দুপুরে পররাষ্ট্রসচিব মো. শহীদুল হকের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকের পর বিকেলেই তাঁর ঢাকা ছাড়ার কথা রয়েছে।

আরও পড়ুন