চলতি মাসের জুনে মেট্রো রেলের আনুষ্ঠানিক কাজের উদ্বোধন করা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
শুক্রবার রাজধানীর উত্তরার দিয়াবাড়ি এলাকায় মেট্রোরেল ডিপোর কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, ২০২৪ সালে শেষ হওয়ার কথা থাকলেও ২০১৯ সালের মধ্যে একাজ শেষ করা হবে।আমরা পাঁচ বছরসময় কমিয়ে এনেছি। মেট্রোরেল যেসব দেশে আছে সেখানেও এভাবে কাজ কমিয়ে আনার রেকর্ড নেই।
তিনি বলেন, উত্তরা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শাপলা চত্তর পর্যন্ত মেট্রোরেলের রুটে ১৬টি স্টেশন থাকবে। এটা হলে ৩৭ মিনিটে ৭ হাজার যাত্রী উত্তরা থেকে শাপলা চত্তর যাতায়াত করতে পারবে।
বিশ্ববিদ্যালয়ের মধ্যদিয়ে গেলেও ছাত্রদের পড়াশুনায় যাতে ব্যঘাত হবে না দাবি করে ওবায়দুল কাদের বলেন,একটা ট্রাকের শব্দও হবে না। ছাত্রদের পড়াশুনায় কোনো ব্যঘাত ঘটবে না। আর পরিবেশগত সমস্যা এড়াতে অত্যাধুনিক পদ্ধতি অনুসরণ হচ্ছে।
ভাড়া নির্ধারণের বিষয়ে তিনি বলেন, গণপরিবহনে তো স্বভাবত ভাড়া কম হয়। জনগণের সামর্থ্য বিবেচনা করেই ভাড়া নির্ধারণ করা হবে।


