মানবতার সামনের চ্যালেঞ্জগুলো মোকাবেলায় করণীয় নির্ধারণে জাতিসংঘের উদ্যোগে প্রথমবারের মতো বিশ্ব হিউম্যানিটেরিয়ান সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী ২৩-২৪ মে তুরস্কের ইস্তাম্বুলে এ সম্মেলন অনুষ্ঠিত হবে।
জাতিসংঘ মহাসচিব বান কি মুনের বৈশ্বিক কর্মোদ্যোগের অংশ হিসেবে অনুষ্ঠিত হতে যাওয়া এ সম্মেলনে বিশ্বের প্রায় একশ’টি দেশের সরকারপ্রধান, ব্যবসায়ী, সাহায্য সংস্থা, নাগরিক সমাজ, সহিংসতার শিকার বিভিন্ন সম্প্রদায়ের প্রতিনিধিরা যোগ দেবেন। বাংলাদেশ থেকে ত্রাণ ও দুর্যোগবিষয়ক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার নেতৃত্বে ১০ সদস্যের প্রতিনিধি সম্মেলনে অংশ নেবেন।
বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকায় জাতিসংঘ তথ্য কেন্দ্রে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য তুলে ধরা হয়। ভিডিও কনফারেন্সের মাধ্যমে নিউইয়র্কের জাতিসংঘ সদর দফতর থেকে সংস্থাটির সহকারী মহাসচিব ও জরুরি ত্রাণবিষয়ক সমন্বয়ক স্টিফেন ও’ব্রায়েন সংবাদ সম্মেলনে ইস্তাম্বুল সম্মেলনের বিস্তারিত তুলে ধরেন। সংবাদ সম্মেলনের সমন্বয় করেন ঢাকার জাতিসংঘ তথ্য কেন্দ্রের প্রধান কর্মকর্তা মো. মনিরুজ্জামান।
স্টিফেন বলেন, মানুষের সামনের চ্যালেঞ্জগুলো মোকাবেলার কৌশল নিয়ে সম্মেলনে বিশ্ব নেতারা আলোচনা করবেন। এছাড়া সম্মেলনে শরণার্থী ও বিভিন্ন দেশের অভ্যন্তরে বাস্তুচ্যুত মানুষের জীবন ও মর্যাদা রক্ষায় করণীয় নিয়ে আলোচনা হবে।
ঢাকার একজন সাংবাদিকের স্টিফেনের কাছে জানতে চান, জলবায়ু পরিবর্তনের ফলে বাংলাদেশে মানবিক সংকটের বিষয় নিয়ে সম্মেলনে আলোচনা হবে কিনা? জবাবে তিনি বলেন, প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় বাংলাদেশ যে সক্ষমতা দেখিয়ে যাচ্ছে তা অন্য দেশের জন্য শিক্ষণীয়। সম্মেলনে বিশ্ব নেতারা মানবিক সংকট মোকাবেলার বিষয়ে বাংলাদেশের কাছ থেকে জানবেন এবং এ ব্যাপারে করণীয় নির্ধারণে পরামর্শ গ্রহণ করবেন।


