কক্সবাজারের টেকনাফে তিন কোটি ৬০ লাখ টাকার এক লাখ ২০ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বিজিবি। শুক্রবার টেকনাফ সদর ইউনিয়নের নাজিরপাড়ায় এ অভিযান চালানো হয় বলে জানান বিজিবির টেকনাফ ২ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর আবু রাসেল সিদ্দিকী।
তিনি বলেন, “মিয়ানমার থেকে ইয়াবার বড় একটি চালান নাজিরপাড়া হয়ে পাচার হওয়ার খবরে বিজিবির সদস্যরা সেখানে অভিযান চালায়। বেলা আড়াইটার দিকে অভিযান চলাকালে নাজিরপাড়া পূর্ব মাঠে দুই-তিনজন লোককে থামার সংকেত দিলে তারা পলিথিন মোড়ানো ১২টি প্যাকেট ফেলে গ্রামের ভেতর দিয়ে পালিয়ে যায়।”
পরে ওই প্যাকেটগুলোতে তল্লাশি চালিয়ে এক লাখ ২০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। এগুলো বিজিবির টেকনাফ ব্যাটালিয়ন সদর দপ্তরে রাখা হয়েছে বলে জানান বিজিবি কর্মকর্তা।


