চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার নতুনপাড়া সীমান্তে সিহাব (২০) নামে এক বাংলাদেশী তরুণকে পিটুনির পর বুকে গুলি করে হত্যা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
শনিবার সকাল সাড়ে ৭টার দিকে ভারতের ১৭৩ ব্যটেলিয়নের টুঙ্গীপাড়া ক্যাম্পের টহলরত বিএসএফের গুলিতে ওই বাংলাদেশী তরুণ নিহত হয়েছেন বলে জানিয়েছেন স্থানীয়রা।
প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার নতুনপাড়া সীমান্তসংলগ্ন একটি আমবাগান থেকে সিহাবসহ চার জন আম পাড়ছিলেন। এ সময় বিএসএফ সদস্যরা বাংলাদেশ সীমান্তে ঢুকে প্রথমে চার বাংলাদেশীকে ধরে মারপিট করে।
পরে তিন জন পালিয়ে বাঁচলেও বিএসএফ সদস্যরা সিহাবকে ধরে ফেলে। এ সময় তারা খুব কাছ থেকে বুকে গুলি করলে ঘটনাস্থলেই সিহাব নিহত হয়।
চুয়াডাঙ্গা ৬ বিজিবি অধিনায়ক লে. কর্নেল মো. আমির মুজিদ জানান, নিহত তরুণের লাশ উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে কড়া প্রতিবাদ জানিয়ে পতাকা বৈঠকের আহ্বান করে বিএসএফকে একটি চিঠি দেয়ার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।


