আপত্তিকর অবস্থায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র শিক্ষক মিলনায়তন কেন্দ্র (টিএসসি) অডিটোরিয়ামের টয়লেট থেকে দুই প্রেমিক-প্রেমিকাকে আটক করে শাহবাগ থানা পুলিশ। শনিবার দুপুর সোয়া ১২টায় এ ঘটনা ঘটে।
আটককৃতরা হলেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী শিহাবুল ইসলাম শাওন এবং মোছাম্মৎ আফছানা আক্তার (২৩)।
আটকের পর এই যুগল স্বীকার করেন, কয়েক বছর ধরে তারা প্রেম করছেন। আবেগের বশে এমন ভুল করে ফেলেছেন।
পরে থানায় দুই পরিবারের সদস্যদের ডেকে আনা হয়। মামলা দেওয়া হবে যদি এখনই বিয়ে না করে- পুলিশের এমন শর্তে দুই পরিবারের সদস্যরা এদের বিয়ে পরিয়ে দেন।
শিহাবুল ইসলাম শাওন মাস্টারদা সূর্যসেন হলের শিক্ষার্থী। আফসানা ময়মনসিংহ বিএসসি মেডিকেল কলেজের শিক্ষার্থী বলে জানা গেছে। তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার বান্ধবীর কাছে বেড়াতে এসেছেন। তাদের মধ্যে কয়েকবছর ধরেই প্রেমের সম্পর্ক আছে বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, একজন ছাত্র ও একজন ছাত্রী পরপর একই টয়লেটে যায়। কিন্তু অনেক্ষণ তারা বের না হওয়ায় আমাদের সন্দেহ হয়। এরপর আমরা বিশ্ববিদ্যালয় প্রক্টরকে বিষয়টি জানালে সাথে সাথেই শাহবাগ থানা পুলিশ এসে তাদেরকে আটক করে নিয়ে যায়।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয় ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক ড. এ এম আমজাদ বলেন, ‘টিএসসি থেকে আপত্তিকর অবস্থায় দুইজনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে প্রেমের সম্পর্ক আছে বলে জানা গেছে। আপত্তিকর অবস্থায় তাদের আটক করে পুলিশে দেয়া হয়েছিল। পরে থানায় পরিবারের সদস্যদের উপস্থিতিতে তাদের বিয়ে সম্পন্ন হয়েছে বলে জানতে পেরেছি।


