মানবতাবিরোধী অপরাধে ফাঁসিতে ঝুলে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর একটি চিঠি ফেসবুকে দ্রুতগতিতে ছড়িয়ে পড়েছে। যদিও সরকারিভাবে তার কোনো চিঠি ওই সময় লেখা বা প্রকাশের সুযোগ আছে কি না তা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে।
নিজামীর শেষ চিঠি শিরোনামে যে চিঠিটি প্রকাশ পেয়েছে তার হুবহু নিউজওয়ার্ল্ড বিডি ডট কমের পাঠকদের জন্য তুলে ধরা হলো:
১৯৭১ সালের মুক্তিযুদ্ধকালীন আলবদর বাহিনীর প্রধান ও জামায়াতের বর্তমান আমীর মতিউর রহমান নিজামী নিজের প্রিয়তমা স্ত্রীকে লেখা শেষ চিঠিতে বলেছেন, আমি দলের কমান্ডার হিসেবে ৭১ এর ভূমিকা নিয়ে আমার কারও কাছে কৈফিয়ত দেয়ার নাই। আল্লাহতালা হয়তো তার শাস্তি আমাকে দিলেন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি চিঠিতে এ তথ্য জানা গেছে। গত ১১ মে দিবাগত মধ্যরাতে ঢাকা কেন্দ্রীয় কারাগারে তার ফাঁসি কার্যকর করা হয়েছে।
নিজামী চিঠিতে বলেন, প্রিয় শামসুন্নাহার, শেষ সময়ে বলে যাওয়া কিছু কথা মনে রেখো, তোমাদের কাছে কিছু লুকাবার নেই। আমি আমার জীবনে যা করেছি তার জন্য আমি অনুতপ্ত নই। দলের কমান্ডার হিসেবে ৭১-এর ভূমিকা নিয়ে আমার কারো কাছে কৈফিয়ত দেওয়ার নাই। আল্লাহ তালা হয়তো তার শাস্তি আমাকে দিলেন। তবে তোমরা বিচলিত হইও না।
তিনি তার চিঠিতে লিখেন, এই জালিম মহিলার কাছে কোনো দয়া বা ক্ষমা আমি বা আমার দলের কেউ প্রত্যাশা করিনি। আমরা জানতাম যে সে কারো কথা মানবে না। আমরাতো চেষ্টা কম করিনি। পৃথিবীর কারো কথায় সে শুনবে না তাহা তোমরা দেখিয়াছ। তার বিচার আল্লাহ করিবেন।
এর পর ছোট ছোট দুটি স্লিপে লেখা চিঠির শেষ ভাগে তার স্ত্রী ও স্বজনদের কিছু নির্দেশনা দিয়েছেন। এতে বলেছেন, দলের রোকন হিসেবে তুমি তোমার বৈঠক চালিয়ে যাবে। সন্তান তিনজনের নাম লিখে বলেছেন, আমি জানি ওরা আমার দেখানো পথেই চলবে।
প্রসঙ্গত নিজামীর এ চিঠিটি বুধবার থেকে ফেসবুকে ভাইরাল হয়েছে। কে কোত্থেকে পোষ্ট করেছে তা জানা যায়নি। প্রসঙ্গত, এই চিঠির ব্যাপারে নিজামী পরিবারের সাথে যোগাযোগ করা হলে তার মেঝ ছেলে বলেন, এটি আব্বার হাতের লেখা নয়।


