বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

সেলিম ওসমানের পক্ষে ব্যবসায়ীদের সাফাই

narayangonj--businessmansনারায়ণগঞ্জে শিক্ষক শ্যামল কান্তি ভক্তকে কান ধরে উঠবস করানো স্থানীয় সংসদ সদস্য সেলিম ওসমানের পক্ষে সংবাদ সম্মেলন করেছেন ব্যবসায়ীরা। তার পক্ষে সাফাই গেয়ে ব্যবসায়ীদের অভিযোগ, শ্যামল কান্তি ইস্যুতে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করা হচ্ছে। প্রকৃত ঘটনা প্রকাশ না করে কিছু মিডিয়া একপেশে সংবাদ পরিবেশন করেছে।

বুধবার দুপুরে নারায়ণগঞ্জ ক্লাবের সম্মেলন কক্ষে আটটি জাতীয় ও ৩৫টি জেলাভিত্তিক সংগঠনের ব্যানারে ‘ব্যবসায়ী সম্প্রদায়ের সফল নেতা সেলিম ওসমানকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে’ এ সংবাদ সম্মেলন আয়োজন করা হয়। উল্লেখ্য, সাংসদ সেলিম ওসমান নারায়ণগঞ্জ চেম্বার ও বিকেএমইএর বর্তমান সভাপতি।

সংবাদ সম্মেলনে চেম্বারের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মঞ্জুরুল হক  বলেন, ‘একটি গোষ্ঠী অযাচিত ও অনভিপ্রেত অপপ্রচার চালাচ্ছে।’ তিনি শিক্ষামন্ত্রী কতৃক গঠিত তদন্ত কমিটিকে স্বাগত জানিয়ে তদন্ত কমিটির মাধ্যমে সত্য বেরিয়ে আসবে বলে আশা প্রকাশ করেন। তিনি অভিযোগ প্রমাণিত না হওয়া পর্যন্ত ‘অপপ্রচার’ না করার জন্য গণমাধ্যমের প্রতি আহ্বান জানান এবং আইনকে আইনের গতিতে চলতে দেওয়ার আহ্বান জানান।

সংবাদ সম্মেলনের শুরুতে পিয়ার সাত্তার স্কুলের দশম শ্রেণির ছাত্র রিফাত হোসেন ও তার মা রিনা বেগমের বক্তব্যের ভিডিও প্রদর্শন করা হয়। ইসলাম ধর্ম নিয়ে প্রধান শিক্ষক শ্যামল কান্তি কটূক্তি করেছে বলে রিফাত ও তার মা রিনা বেগম তাদের বক্তব্যে অভিযোগ করেন।

ইসলাম ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগে গত ১৩ মে শিক্ষক শ্যামল কান্তি ভক্তকে লাঞ্ছিত করে জনতা। স্থানীয় সংসদ সদস্য সেলিম ওসমান সবার সামনে ওই শিক্ষকে কান ধরে উঠবসও করান। পরে তাকে সাময়িক বরখাস্ত করে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি।

ওই দিনের ঘটনার বিষয়ে ব্যবসায়ীরা বলেন, ‘সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অবরুদ্ধ অবস্থায় থাকা শ্যামল কান্তিকে উদ্ধার করতে যান সেলিম ওসমান। ওই সময়ে শিক্ষক সেলিম ওসমানের কাছে নিজের প্রাণ ভিক্ষা চান। তখন সেলিমের সামনে আর কোনো পথ খোলা ছিল না। পরিস্থিতি এতই ভয়াবহ ছিল যে প্রধান শিক্ষক উন্মত্ত জনতার আক্রোশে ভয়াবহ বিপদের মুখে পড়েন।’

‘সেলিম ওসমান ওই পরিস্থিতি থেকে প্রধান শিক্ষককে উদ্ধার করেন। শুধু তাই নয়, তার সুষ্ঠু চিকিৎসারও ব্যবস্থা করেন। কিন্তু এমপির বিরুদ্ধে একটি গোষ্ঠী অযাচিত ও অনভিপ্রেতভাবে অপপ্রচার চালাচ্ছে। পুরো ঘটনার পেছনের লুকায়িত ঘটনা প্রকাশ করা হচ্ছে না। প্রকৃতপক্ষে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা চলছে।’

ব্যবসায়ী নেতারা জানান, ইতিমধ্যে পিয়ার সাত্তার লতিফ স্কুলে এমপি সেলিম ওসমানের পক্ষ থেকে ৫০ লাখ টাকা আর্থিক অনুদান দেওয়া হয়েছে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সেলিম ওসমান নিজের উপার্জিত প্রায় ২৫ কোটি টাকা অনুদান দিয়েছেন।

এতে আরো উপস্থিত ছিলেন এফবিসিসিআইয়ের সাবেক সিনিয়র সহ-সভাপতি ও বাংলাদেশ-ভারত চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মোহাম্মদ আলী, গার্মেন্ট মালিকদের সংগঠন বিকেএমইএ’র সহ-সভাপতি আসলাম সানি, এফবিসিসিআইয়ের পরিচালক ও বাংলাদেশ ক্লথ মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি প্রবীর কুমার সাহা, বাংলাদেশ ইয়ার্ন মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি লিটন সাহা, বাংলাদেশ হোসিয়ারি অ্যাসোসিয়েশনের সভাপতি নাজমুল আলম সজল, আবদুস সোবহান প্রমুখ।

আরও পড়ুন