বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

শিক্ষক লাঞ্ছনার রিপোর্ট পেলেই অ্যাকশন: শিক্ষামন্ত্রী

“আমরা রিপোর্টের অপেক্ষায় আছি, তদন্ত রিপোর্ট আসলে আমরা অ্যাকশন নিব। শিক্ষা মন্ত্রণালয় এবং মাউশি মিলে আমরা একটা কমিটি করে দিয়েছি। সেই কমিটি গত রাতে সমস্ত রাত কাজ করে ফিরে এসেছে। ফিরে এসে রিপোর্ট দেওয়ার সাথে সাথে আমরা বসব। রিপোর্ট দেওয়ার সাথে সাথে আমরা আমাদের সিদ্ধান্ত জানিয়ে দেব।”

বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে মন্ত্রী নাহিদ সাংবাদিকদের শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ একথা বলেছেন।

শিক্ষামন্ত্রী বলেন, আমরা করি নাই, করতেও বলি নাই, না করতেও বলি নাই। তদন্ত (কমিটি) এই জন্যই করা হলো। যে কোনো বিষয়ে পদক্ষেপ নিতে গেলে আমাদের নিয়ম-নীতি, বিধি-বিধান অনুসরণ করে না করলে সেটা আপনারাই চ্যালেঞ্জ করবেন। তদন্ত কমিটির রিপোর্ট দ্রুতই চলে আসবে বলে আমরা আশা করছি। আসার সাথে সাথে পদক্ষেপ নেব। আবার বললাম, রিপোর্টটা আসলে আমরা অ্যাকশন নিব।

এর আগেও বিভিন্ন সময় শিক্ষক লাঞ্ছনার অনেক ঘটনায় বিচার না হওয়ার বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে শিক্ষামন্ত্রী বলেন, এই সমাজে অপরাধ বা এই ধরনের কার্যক্রম আছে। আমরা সমাজ থেকে আলাদা দ্বীপ না। সমাজেই বসবাস করি। এই ধরনের বিষয়গুলো শিক্ষা পরিবারে নানাভাবে ঘটে। কুষ্টিয়াতে একজন হেডমাস্টার অন্য শিক্ষিকার ওপর নির্যাতন করেছেন, আমি সেই বিষয়ে ইতোমধ্যে ব্যবস্থা নিয়েছি। সকালে আবার ডিসির সাথে কথা বলেছি। সেই হেডমাস্টারের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। মামলা করা হয়েছে। সেই মহিলাকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

শিক্ষামন্ত্রী বলেন, তার মানে এই নয় যে, আমরা সব ক্ষেত্রে পদক্ষেপ নিতে পারি। যেগুলো ফৌজদারি ব্যাপার, সেগুলো কোর্টে যেতে হয়। করি সবই। সমাজের থেকে আমরা আলাদা না। সমাজের মতো ঘটনা এখানে ঘটে। আমরা যথাসম্ভব এগুলোকে অ্যাড্রেস করি। বিধি-বিধান মেনে সিদ্ধান্ত না নিলেতো সেটাকে টিকিয়ে রাখতে পারব না। মন্ত্রী বলেন, পোক্ত করে সিদ্ধান্ত নিতে যেটুকু দরকার, সেটুকু সময় নিয়েছি। বেশি সময় নিইনি। আমরা রিপোর্টের অপেক্ষায় আছি।

আরও পড়ুন