বিপুল ভোটে জয়ী হয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হচ্ছেন মমতা বন্দোপাধ্যায়। তৃণমূলের ভোটে একটুও ভাগ বসাতে পারেননি বিরোধীরা। প্রথমেই পোস্টাল ব্যালট গণনা শুরু হয় বৃহস্পতিবার সকালে। ইভিএম খুলতেই সেই ব্যবধান আরও বাড়ে। ইভিএম খুলতেই বোঝা গেল, বাংলা বিপুল ভাবে হ্যাঁ-দিদির পক্ষেই। একা লড়েই তৃণমূল ২০০-রও বেশি আসন দখল করতে চলেছে। ভোটপ্রাপ্তির হার অনেকখানি বাড়িয়ে নিয়ে একক ক্ষমতায় তৃণমূল দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতার কাছাকাছি পৌঁছে যাচ্ছে।
২৯৪ আসনের মধ্যে ২১৪টিতে জয়ী হতে চলেছে তৃণমূল কংগ্রেস। বাম ফ্রন্ট ও কংগ্রেস জোট পেতে চলেছে ৭৮ আসন।
গণনার গতিপ্রকৃতি বলছে, রাজ্যে দ্বিতীয় বৃহত্তম শক্তি হিসেবে উঠে আসছে কংগ্রেস। যদিও তৃণমূলের চেয়ে যোজন পিছনে তারা। বামেরা আরও কোণঠাসা। আসনসংখ্যার বিচারে তারা তৃতীয় স্থানে নেমে যেতে চলেছে। অন্য দিকে শতাংশের বিচারে ভোট কমলেও বেশ কিছু আসন বাড়িয়ে নিচ্ছে বিজেপি।


