বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

আইনশৃংখলা পরিস্থিতি অনেক নিয়ন্ত্রণে: আইজিপি

tangail_igp_pic_02_13508_1463656629পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহীদুল হক বলেছেন, দেশের আইনশৃংখলা পরিস্থিতি আগের যে কোনো সময়ের তুলনায় অনেক ভালো রয়েছে।

বৃহস্পতিবার সকালে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিপিএস বিভাগের ‘একবিংশ শতাব্দীতে পুলিশিং’ সম্মেলনে যোগদানের আগে সাংবাদিকদের তিনি একথা বলেন।

শহীদুল হক বলেন, আইনশৃংখলা ভালো বলেই চুরি, ডাকাতি, হত্যা এই ধরনের অপরাধ এখন অনেক কম হচ্ছে। আমাদের মতে, আইনশৃংখলা পরিস্থিতি এখনও অনেক নিয়ন্ত্রণে রয়েছে।

এ সময় নারায়ণগঞ্জে শিক্ষককে লাঞ্ছিতের বিষয়ে তিনি বলেন, ‘আমরা সবাই শিক্ষকদের শ্রদ্ধা করি। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সামনে পেলে এখনও পায়ে ধরে সালাম করি। সেখানে যে ঘটনা ঘটেছে, তার পরিপ্রেক্ষিতে তাৎক্ষণিকভাবে পুলিশের কিছু করার নেই। এই ঘটনায় আদালতে মামলা হয়েছে। তদন্তসাপেক্ষে যদি আমাদের কিছু করার থাকে, তবে আমরা অবশ্যই তা করব।’

টাঙ্গাইলের মুক্তিযোদ্ধা ফারুক আহমেদ হত্যা মামলা সম্পর্কে আইজিপি বলেন, ফারুক হত্যা মামলায় অভিযোগপত্র দেয়া হয়েছে। আসামিদের আমরা এখনও গ্রেফতার করতে পারিনি। আদালত থেকে তাদের মালামাল জব্দের আদেশ পাওয়া গেছে। সেই বিষয়ে প্রক্রিয়া চলছে। আশা করি, দ্রুতই আইনি প্রক্রিয়ায় তাদের আনতে পারব।

এছাড়া বিএনপির যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরীর সঙ্গে সরকার উৎখাতে আরও কারা জড়িত এমন প্রশ্নে বলেন, ‘এ ব্যাপারে তদন্ত চলছে। তদন্তের পর বিস্তারিত জানানো যাবে।’

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিপিএস বিভাগের মিলনায়তনে আয়োজিত সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মো. আলাউদ্দিন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সিপিএস বিভাগের চেয়ারম্যান মোহাম্মদ জহিরুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন- এসপিএম উচ্চশিক্ষা মান উন্নয়ন প্রকল্প ও বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ আশরাফুল আলম।

অনুষ্ঠানে ‘Policing in the 21st Century: Issues and Challenges in Bangladesh’ শীর্ষক শিরোনামে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিভাগের শিক্ষক মোহাম্মদ আশরাফুল আলম, সুব্রত ব্যানার্জি ও মো. বশীর উদ্দীন খান।

এ বিষয়ের ওপর আলোচনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ও বাংলাদেশ তথ্য কমিশনের সাবেক কমিশনার অধ্যাপক ড. সাদেকা হালিম, যুক্তরাষ্ট্রের কুটজটাউন (Kutztown) বিশ্ববিদ্যালয়ের ক্রিমিনাল জাস্টিজ বিভাগের চেয়ারম্যান ও বিশ্ববিদ্যালয়ের সিপিএস বিভাগের ভিজিটিং ফেলো অধ্যাপক ড. মাহ্ফুজুল ইসলাম খন্দকার।

অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করে বক্তব্য রাখবেন বিশ্ববিদ্যালয়ের সিপিএস বিভাগের হেকেপ প্রকল্পের ডিএসপিএম সহযোগী অধ্যাপক মুহাম্মদ উমর ফারুক।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- বাংলাদেশ পুলিশের ডিআইজি নুরুজ্জামান, র‌্যাব-১২ সিপিসি-৩ এর অধিনায়ক সাহাবুদ্দিন খান, টাঙ্গাইল পুলিশ সুপার সালেহ মোহাম্মদ তানভীর, টাঙ্গাইল র‌্যাব-১২ কমান্ডার মহিউদ্দিন ফারুকী প্রমুখ।

আরও পড়ুন