রবিবার ৮ নভেম্বর ২০২৬

বাজেট উচ্চাভিলাসী ‘প্রয়োজন’, সরকার ব্যবসায়ীদের ব্যাপারে খুবই যত্নবান

03_A-M-A-Muhith_Tofael-Ahmedবাজেটে ব্যবসায়ীর কথা যেমন ভাবতে হয়, তেমনি দরিদ্র চাষির কথাও ভাবতে হয় বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। বলেন, ‘সবার কথা ভাবতে হয় বলে বাজেট উচ্চাভিলাষী প্রয়োজন। এটা আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি।’

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, ‘সরকার ব্যবসায়ীদের ব্যাপারে খুবই যত্নবান। আমরা বাস্তববাদী, সেই আলোকেই বাজেট হবে। এবারের বাজেটে সবাই খুশি হবে বলে আমার বিশ্বাস।’

আগামী অর্থবছরের (২০১৬-১৭) বাজেট নিয়ে এনটিভি ও এফবিসিআইয়ের বিশেষ আয়োজন ‘কেমন বাজেট চাই’ অনুষ্ঠানে তারা এ কথা বলেন। শুক্রবার রাত ৮টা ১০ মিনিট থেকে সাড়ে ১০টা পর্যন্ত বিরতিহীনভাবে এ অনুষ্ঠান চলে। টানা নবমবারের মতো এনটিভি ও এফবিসিসিআই এই অনুষ্ঠান আয়োজন করল।

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, ‘দশম বাজেট দিচ্ছি, এটা আমার জন্য সৌভাগ্যের। আমার অপূর্ণ ইচ্ছা থাকে, যা ধরাছোঁয়ার মধ্যে আসে না, সেটা করার চেষ্টা করি। বাজেটে যেমন ব্যবসায়ীর কথা যেমন ভাবতে হয়, তেমনি দরিদ্র চাষির কথাও ভাবতে হয়। আমি উচ্চাভিলাষী বাজেট দিতে পছন্দ করি। সেই বাজেটের সুফল আমরা পাচ্ছি।’

‘আগামী বাজেট আগের মতোই হবে। তবে কিছু প্রজেক্ট যোগ হবে। এখন আটটি মেগা প্রজেক্ট আছে, এই সরকারের সময়ে আরো হয়তো দু-তিনটি মেগা প্রজেক্ট হবে। এসব নিয়ে আলাদা একটি বিষয় বাজেটে উল্লেখ থাকবে।’

অর্থমন্ত্রী বলেন, ‘আামি বারবার বলি, আমি সুদের হার নির্ধারণ করি না। আপনারাই সুদের হার বাড়িয়েছেন-কমিয়েছেন। তবে আমরা অন্যভাবে সাহায্য করতে পারি। আমার বিশ্বাস আপাতত এটা এখানেই থাকবে। তবে এটা কমবে। আগামী দুই বছর আমাদের বিনিয়োগের জন্য সুবর্ণ সময়। সেটা কাজে লাগাতে হবে।’

বাণিজ্যমন্ত্রী বলেন, ‘সরকার ক্ষমতায় আসার সময় বিদ্যুৎ উৎপাদন ছিল তিন হাজার মেগাওয়াট, এখন আমরা ১৩ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা রাখি। আমরা সেই বাংলাদেশ, যারা একদিন খাদ্য ঘাটতিতে ছিলাম, এখন আমরা স্বয়ংসম্পূর্ণ। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে।’

‘বাংলাদেশ মধ্যম আয়ের দেশে প্রবেশ করেছে। গার্মেন্টস সেক্টর ২৭ বিলিয়ন ডলার রপ্তানি করবে। গার্মেন্টস ব্যবসায়ীদের অনেক সুযোগ আমরা দিয়েছি।’

বাণিজ্যমন্ত্রী বলেন, ‘রপ্তানিতে বৈচিত্র্য আনতে কাজ করে যাচ্ছি। এর ফল আগামীতে পাওয়া যাবে।’

ব্যবসায়ীদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন বাণিজ্যমন্ত্রী। বেসিসের সভাপতি শামীম আহসানের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, অনলাইনে সব কিচু করার পদক্ষেপ নিয়েছে সরকার।

বাণিজ্যমন্ত্রী বলেন, ‘অ্যাকর্ড-অ্যালায়েন্স খবরদারি সহনীয় পর্যায়ে রয়েছে। রানা প্লাজার পরে আর তেমন কোনো ঘটনা ঘটছে না। ব্যবসায়ীরা এখন এসব ব্যাপারে যত্নবান।’

বাণিজ্যমন্ত্রী বলেন, ‘ভ্যাট নিয়ে অর্থমন্ত্রী এমন কোনো সিদ্ধান্ত নেবেন না, যাতে ব্যবসায়ীদের ক্ষতি হবে।’

অর্থনীতিবিদ অমর্ত্য সেনকে উদ্ধৃত করে তোফায়েল আহমেদ বলেন, ‘সামাজিক অর্থনীতির ক্ষেত্রে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে।

‘আমরা ১০৭টি দেশে ফার্মা প্রোডাক্ট রপ্তানি করি। আগামীতে এটা আরো বাড়বে। নানা খাতে আমরা প্রণোদনা দিচ্ছি। দেশীয় শিল্পকে রক্ষা করাই হবে বাজেটের একটি লক্ষ্য। কাগজ শিল্পে আমরা স্বয়ংসম্পূর্ণ। সিমেন্ট শিল্প ভালো করছে। তারা রপ্তানি বাড়াচ্ছে।’

তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি সিদ্দিকুর রহমান বলেন, ‘বাজেট হওয়া উচিত উৎপাদনবান্ধব ও জনবান্ধব। রানা প্লাজার পর যে মন্দা ছিল, সেটি কাটছে। শুধু প্রবৃদ্ধি বাড়ালে হবে না। কর্মসংস্থানও বাড়াতে হবে।’

‘গত দুই বছর গার্মেন্টস সেক্টরে বিনিয়োগ কম হয়েছে। কর্মসংস্থান কম হয়েছে। বিদ্যুৎ সরবরাহ নিয়ে ভাবতে হবে। আমরা মাত্র চার থেকে পাঁচ ঘণ্টা বিদ্যুৎ পাই।’

রাজধানীর প্যানপ্যাসিফিক সোনারগাঁও হোটেল, চট্টগ্রামের ওয়ার্ল্ড ট্রেড সেন্টার ও নিউইয়র্কের এনটিভি স্টুডিও থেকে এ অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করে এনটিভি।

অনুষ্ঠানে প্যানেলে উপস্থিত থেকে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ জনপ্রতিনিধি, ব্যবসায়ী ও প্রবাসীদের প্রশ্নের জবাব দেন।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সভাপতি আবদুল মাতলুব আহমাদ।

প্যানেল আলোচনায় আরো ছিলেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও অর্থনীতিবিদ ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ ও এ বি মির্জ্জা আজিজুল ইসলাম, তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি সিদ্দিকুর রহমানও প্যানেলে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে এনটিভির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব মোহাম্মদ মোসাদ্দেক আলী উপস্থিত ছিলেন।

আরও পড়ুন