বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

শবে বরাতে স্বামী-ছেলের কবর জিয়ারত খালেদা জিয়ার

khaleda-ddপবিত্র শবে বরাত উপলক্ষে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া তাঁর স্বামী সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং ছোট ছেলে আরাফাত রহমান কোকোর কবর জিয়ারত করেছেন।

রোববার মাগরিবের নামাজের পর প্রথম বনানীতে কোকোর কবরে আসেন বিএনপি চেয়ারপারসন। ছেলের কবরের পাশে চেয়ারে বসে কিছু সময় কোরআন তেলাওয়াতের পর মোনাজাত করেন তিনি। এ সময় খালেদা জিয়ার বোন সেলিনা ইসলাম এবং কোকোর শ্বশুরের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া রাজধানীর বনানী কবরস্থানে রোববার রাত ৮টার দিকে প্রথমে কোকোর কবর জিয়ারত করেন। এরপর তিনি শেরেবাংলা নগরে অবস্থিত বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারে গিয়ে তাঁর মাজার জিয়ারত করেন। এ সময় খালেদা জিয়া জিয়াউর রহমান ও তাঁর ছোট ছেলে কোকোর রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন।

মাজার জিয়ারতের সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মুহম্মদ জমির উদ্দিন সরকার, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ ও মির্জা আব্বাস, ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান ও বেগম সেলিমা রহমান, যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, বিএনপি নেতা আমান উল্লাহ আমান, আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক নাজিম উদ্দিন আলম, জাতীয়তাবাদী ওলামা দলের সভাপতি আবদুল মালেক ও সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ নেসারুল হকসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

গত বছর ২৪ জানুয়ারি মালয়েশিয়ায় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান আরাফাত রহমান কোকো (৪৫)। একটি মামলায় ছয় বছরের সাজা নিয়ে ২০০৮ সাল থেকে নির্বাসনে ছিলেন তিনি।

ছেলের কবর থেকে শেরেবাংলা নগরে স্বামী জিয়াউর রহমানের সমাধিতে আসেন খালেদা জিয়া। সেখানে স্বামীর আত্মার শান্তি কামনা করে মোনাজাত করেন তিনি।

বিকাল থেকে দুই কবরের সামনে কোরআন খতম দেয় জাতীয়তাবাদী উলামা দল।

আরও পড়ুন