বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

নির্বাচনী প্রচারণায় আ’লীগকর্মীকে পিটিয়ে হত্যা

index22_13815_1463969810যশোরের কেশবপুরে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনী প্রচারণার সময় সুমন মণ্ডল (২২) নামে এক আওয়ামী লীগকর্মীকে পিটিয়ে হত্যা করেছেন বিএনপি কর্মীরা।

নিহত সুমন মণ্ডল উপজেলার মজিদপুর ইউনিয়নের কুসুলদিয়া গ্রামের গোপাল মণ্ডলের ছেলে।

রোববার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার মির্জাপুর গ্রামে এ ঘটনা ঘটে।

কেশবপুর থানার ওসি শহিদুল ইসলাম জানান, এক যুবককে পিটিয়ে হত্যার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে, কী কারণে এ ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখা হচ্ছে।

মজিদপুর ইউনিয়ন পরিষদের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী গোলাম সরোয়ার বলেন, রোববার রাতে তার কর্মীরা মির্জাপুর গ্রামে প্রচারণা শেষে বাড়ি ফিরছিলেন। এ সময় বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আবু বকর আবুর কর্মীরা তাদের কর্মী সুমন মণ্ডলকে পিটিয়ে হত্যা করেছে।

এ ব্যাপারে জানতে বিএনপি মনোনীত চেয়ারম্যান প্রার্থী আবু বকর আবুর মোবাইলে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও ফোনটি বন্ধ পাওয়া যায়।

আরও পড়ুন