বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

সীমান্তে বিএসএফের নির্বিচার গুলি: নিহত ১

bsf--621x414পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার সারিয়ালজোত কানকাটা সীমান্তে ঘাস কাটারত এক বাংলাদেশি যুবকের ওপর নির্বিচারে গুলি চালিয়ে হত্যা করেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ)।

সোমবার বিকেলে ঘটনায় নিহত যুবকের নাম সুজন (২২)। তিনি ওই এলাকার সানাউল্লাহ ওরফে সানুর ছেলে।

ঘটনার পর পরই পঞ্চগড়ে বিজিবির ১৮ ব্যাটালিয়নের অধিনায়ক আল হাকিম মো. নওশাদ সুজনকে দেখতে হাসপাতালে যান।

প্রত্যক্ষদর্শী ও বিজিবি সূত্র জানায়, সারিয়ালজোত কানকাটা সীমান্তের ৪৩৮ মেইন পিলার এলাকায় সুজন আজ (সোমবার) বিকেলে ঘাস কাটতে গিয়েছিলেন। এ সময় ভারতের লিচুগছ বিএসএফ ক্যাম্পের টহলরত সদস্যরা তাঁকে গুলি করেন। গুলি তাঁর বুকের বাঁ পাশে লাগে। ওই এলাকার দেলোয়ার নামের এক ব্যক্তি গুরুতর আহতাবস্থায় তাঁকে তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক সুজনকে মৃত ঘোষণা করেন।

সুজনের লাশ বর্তমানে তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বিজিবির ১৮ ব্যাটালিয়নের অধিনায়ক আল হাকিম মো. নওশাদ বলেন, গুলি করে হত্যার ঘটনার কড়া প্রতিবাদ জানিয়ে বিজিবির তেঁতুলিয়ার কোম্পানি কমান্ডার নায়েক সুবেদার দিদার আহমেদ বিএসএফকে চিঠি দিয়েছেন।

আরও পড়ুন