বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

বিশ্ববিদ্যালয় ছাত্রীর অস্বাভাবিক মৃত্যু

EVkFBGJajdd8রাজধানীর মিরপুর ১১ নম্বর সেকশনের একটি বাসায় রোববার রাতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী আবিদা সুলতানার (২০) অস্বাভাবিক মৃত্যু হয়েছে। তিনি মিরপুরের বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজিতে প্রথম বর্ষে পড়তেন।

পরিবার সূত্রে জানা গেছে, ১১ নম্বর সেকশনের বি ব্লকের একটি বাড়িতে মা–বাবার সঙ্গে থাকতেন আবিদা। রোববার রাতে আবিদা একাই বাসায় ছিলেন। বাবা আবুল কালাম ও ভাই গিয়েছিলেন মসজিদে নামাজ পড়তে, মা ছিলেন মুন্সিগঞ্জের গ্রামের বাড়িতে। রাত ১০টার দিকে মসজিদ থেকে বাসায় আসেন আবুল কালাম। এসে আবিদার কক্ষ ভেতর থেকে বন্ধ পান। বেশ কিছুক্ষণ ডাকাডাকির পরও ভেতর থেকে কোনো সাড়া না পেয়ে তিনি দরজা ভেঙে ভেতরে ঢোকেন। এ সময় তিনি মেয়েকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।

পরে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

পল্লবী থানার উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম বলেন, হাসপাতাল থেকে রাতে পরিবারের সদস্যরা লাশ মিরপুরের বাসায় নিয়ে আসেন। রাত সাড়ে তিনটার দিকে পুলিশ গিয়ে ময়নাতদন্তের জন্য লাশটি আবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। তদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ব্যক্তিগত কোনো জটিলতার কারণে মেয়েটি আত্মহত্যা করতে পারেন। আবিদার বাবা আত্মহত্যার প্ররোচনার দায়ে মামলা করতে পারেন বলে এসআই জানিয়েছেন।

আরও পড়ুন