পাবনায় দিনেদুপুরে ব্র্যাকের হিসাবরক্ষককে গুলি করে ১৬ লাখ টাকা ছিনতাই করে নিয়েছে দুর্বৃত্তরা। গুলিবিদ্ধ হিসাবরক্ষক আলিম উদ্দিনকে (৩৫) পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার দুপুর ১টার দিকে পাবনা-ঈশ্বরদী মহাসড়কের বালিয়াহালট ব্রিজে এ ঘটনা ঘটে।
পাবনা সদর থানার পরিদর্শক (এসআই) আব্দুল কুদ্দস জানান, ব্র্যাকের রিজিওনাল ম্যানেজার রফিকুল ইসলাম, হিসাবরক্ষক আলিম উদ্দিনসহ তিনজন কর্মকর্তা মঙ্গলবার দুপুরে পূবালী ব্যাংক পাবনা শাখা থেকে সদস্যদের মধ্যে ঋণ বিতরণের জন্য ১৬ লাখ তুলে ব্রাঞ্চে ফিরছিলেন। পথিমধ্যে পাবনা-ঈশ্বরদী মহাসড়কের বালিয়াহালট ব্রিজের কাছে পৌঁছালে মোটরসাইকেল আরোহী তিনজন ছিনতাইকারী তাদের গতিরোধ করে ১৬ লাখ টাকার ব্যাগটি ছিনিয়ে নেয়। তাদের বাধা দিতে গেলে ছিনতাইকারীরা হিসাবরক্ষক আলিম উদ্দিনকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। এতে তিনি গুলিবিদ্ধ হয়ে রাস্তার পাশে পানির মধ্যে পড়ে যান। স্থানীয়রা তাকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করে।
এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান এসআই।


