বাসে অগ্নিসংযোগ ও গাড়ি ভাংচুরের মামলায় বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাসসহ ১১ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।
ঢাকা মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা ভাটারা থানায় দায়ের করা এ মামলার অভিযোগপত্র আমলে নিয়ে মঙ্গলবার পরোয়ানা জারি করেন।
গ্রেপ্তারি পরোয়ানা জারিকৃতদের মধ্যে অন্যতমরা হলেন- চেয়ারপারসনের উপদেষ্টা এম এ কাইয়ুম, মারুফ কামাল খান সোহেল, হাফিজ উদ্দিন প্রমুখ। আসামিরা পলাতক থাকায় তাদের বিরুদ্ধে পরোয়ানা জারি করা হয়েছে।
আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তাপস পাল জানান, আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়েছিল গত বছরের ৩১ জুলাই। সেটি আজকে আমলে নিয়ে বিচারক গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।
মামলার এজাহার থেকে জানা যায়, ২০১৫ সালের ৭ ফেব্রুয়ারি বাসে আগুন দেওয়া ও গাড়ি ভাঙচুরের অভিযোগে বিশেষ ক্ষমতা আইনে ভাটারা থানায় মামলা দায়ের করা হয়। মামলাটি তদন্তের পর গত বছরের ৩১ জুলাই আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়।


