গত এপ্রিলে অভিনেতা করণ সিং গ্রোভারকে বিয়ে করেন জনপ্রিয় বলিউড অভিনেত্রী বিপাশা বসু। এরপর মালদ্বীপে হানিমুনে যান দুজন। কয়েকদিন হলো হানিমুন থেকে ফিরেছেন তারা।
এদিকে বিপাশা তার মা হওয়ার পরিকল্পনা প্রকাশ করেছেন মাইক্রোব্লগিং সাইট টুইটারে। অভিনেত্রী শিল্পা শেঠীর স্বামী রাজকুন্দ্রার সঙ্গে আলাপচারিতার সময় তার পরিকল্পনার কথা জানান তিনি।
টুইটারে শিল্পার ছেলে ভিয়ানকে জন্মদিনের শুভেচ্ছা জানায় বিপাশা। এরপর এ অভিনেত্রীকে ধন্যবাদ জানিয়ে রাজকুন্দ্রা লেখেন, ‘ধন্যবাদ, সে (ভিয়ান) জানতে চায় কখন তোমরা তাকে বন্ধু দিবে?’ বিপাশা উত্তরে লেখেন, ‘খুব শিগগিরই না। সে সময় পর্যন্ত আমরাই তার বন্ধু।’
বলিউডে জুটিদের মধ্যে শহিদ কাপুর-মিরা রাজপুত, রিতেশ দেশমুখ-জেনেলিয়া ডিসুজা তাদের সন্তানের জন্য অপেক্ষা করছেন। অভিনেতা শহিদ কাপুর প্রথমবারের মতো বাবা হবেন। অন্যদিকে দ্বিতীয়বারের মতো বাবা হবেন রিতেশ। কিন্তু বিপাশা-করণের এ নিয়ে কোনো তাড়াহুড়ো নেই। বর্তমানে ক্যারিয়ারের দিকেই নজর দিচ্ছেন বিপাশা-করণ। জানা গেছে, করণ বলিউডে নিজের অবস্থান মজবুত করার চেষ্টা করছেন আর বিপাশা তাকে এ বিষয়ে সাহায্য করছেন।
গত ৩০ এপ্রিল বিবাহ বন্ধনে আবদ্ধ হন করণ-বিপাশা। বিপাশার প্রথম বিয়ে হলেও এটি করণের তৃতীয় বিয়ে।


