বেসরকারি টেলিভিশন এনটিভির মালিক ও ব্যবস্থাপনা পরিচালক মো. মোসাদ্দেক আলী ফালুর অবৈধ সম্পদের অভিযোগ অনুসন্ধান করবে দুর্নীতি দমন কমিশন (দুদক)। একই সঙ্গে শেয়ার বাজার থেকে শত শত কোটি টাকা আত্মসাতের অভিযোগও অনুসন্ধান করবে দুর্নীতিবিরোধী সংস্থাটি।
দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য এ তথ্য জানিয়েছেন।
বুধবার রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে এ সিদ্ধান্ত নেয় কমিশন। এজন্য দুদকের উপ-পরিচালক মো. জাহাঙ্গীর আলমকে এর অনুসন্ধান কর্মকর্তা হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।
দুদকে আসা অভিযোগ সূত্রে জানা যায়, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার এপিএস ও সাবেক সাংসদ মো. মোসাদ্দেক আলী ফালু বিভিন্ন ব্যবসার নামে কোটি কোটি টাকার রাজস্ব ফাঁকি দিয়েছেন। অপরদিকে, বিভিন্ন দুর্নীতি ও সিন্ডিকেট কারসাজির মাধ্যমে শেয়ার বাজার থেকে শত শত কোটি টাকা আত্মসাত করেছেন।
দুদক সূত্র জানায়, গত ১৭ মে আসা এ অভিযোগ আমলে নিয়ে যাচাই-বাছাই করে দুদক। যাচাই-বাছাই শেষে অভিযোগটি যথাযথ বলে মনে হওয়ায় অনুসন্ধানের সিদ্ধান্ত নেয়া হয়। একই সঙ্গে অনুসন্ধান কাজটি তদারকি করার জন্য দুদক পরিচালক সৈয়দ ইকবাল হোসেনকে দায়িত্ব দেয়া হয়।


