মডেল সাবিরা হোসেনকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার মামলায় গ্রেপ্তার তার কথিত প্রেমিক নির্ঝর সিনহা (২৮) ও তার ছোট ভাই প্রত্যয় সিনহাকে (২৪) কারাগারে পাঠিয়েছেন আদালত।
বুধবার ঢাকার মহানগর হাকিম জাকির হোসেন এ আদেশ দেন।
এর আগে এ মামলার তদন্তকারী কর্মকর্তা রূপনগর থানার পরিদর্শক শাহ মো. আখতারুজ্জামান ইলিয়াস এই দুই আসামিকে আদালতে হাজির করে প্রতিবেদন জমা দেন।
প্রতিবেদনে বলা হয়েছে, সাবিরা হোসেন একজন মডেল। তার সঙ্গে নির্ঝর সিনহার প্রেমের সম্পর্ক হয়। তারা বিয়ের সিদ্ধান্ত নেন। সম্পর্ক চলাকালে সাবিরা গত সোমবার আসামি নির্ঝরের বাড়িতে গিয়ে বিয়ের জন্য চাপ দেন। এ সময় নির্ঝরের ভাই প্রত্যয় তাকে ধমক দেন। এতে সাবিরা মনঃক্ষুণ্ন হন। পরে নির্ঝরের সঙ্গে সাবিরা মোবাইলে কথা বলেন। গতকাল মঙ্গলবার রাতে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলে আত্মহত্যা করেন সাবিরা।


