মিশা সওদাগর এখন যুক্তরাষ্ট্রে। ছেলের লেখাপড়া সংক্রান্ত কাজে গেছেন। মাহিয়া মাহির বিয়ের খবর ওখানেই বসে পেয়েছেন মিশা। খবরটি পেয়ে খুশি হওয়ার বদলে ভীষণ চটেছেন তিনি। প্রতিক্রিয়ায় এই ঢাকাই সিনেমার এই অভিনেতা বলেছেন, ‘ফাইজলামি বন্ধ করা উচিত।’ তার ভাষায়, ‘আমার দেখা নতুনদের মধ্যে সবচেয়ে সম্ভাবনাময়ী নায়িকার হঠাৎ বিয়ের সংবাদে আমি হতবাক।’
বুধবার রাতে ফেসবুক অ্যাকাউন্টে ক্ষোভ ঝেড়েছেন আরিফিন শুভর ওপরেও। লিখেছেন, ‘হঠাৎ পত্রিকায় দেখলাম একজন নতুন ট্যালেন্টেড নায়ক একজন ইন্ডিয়ান মেয়েকে বিয়ে করে ফেললো!’
চলচ্চিত্র অভিনেতা-অভিনেত্রীদের এই হঠাৎ বিয়ে ইন্ডাস্ট্রির জন্য ভীষণ ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় বলেই তার মতামত। বলছেন, “ফাজলামি বন্ধ করা উচিত। না হলে ইন্ডাস্ট্রি ফাইনালি বন্ধ হয়ে যাবে।”
“একটা শিল্পী যখন তার অভিনয়ের জাদু দেখিয়ে বক্স অফিস হিট করে ইন্ডাস্ট্রির অপরিহার্য হয় তখন সে ইন্ডাস্ট্রির অংশ হয়ে যায়। সে তখন কোনো হুটহাট সিদ্ধান্ত নিতে পারে না। কারণ তার দায়বদ্ধতা বেড়ে যায়। কিন্তু আজকালকার নায়ক-নায়িকাদের সিদ্ধান্ত ইন্ডাস্ট্রির ক্ষতি করছে। এরা একটিবারও তাদের দায়বদ্ধতার কথা ভাবলো না। আমি এই প্রজন্মের এরকম হুটহাট সিদ্ধান্তকে কখনোই স্বাগতম জানাতে পারবো না। ”
এরপর মিশা নিজের উদাহরণ টেনে লিখেছেন, ‘আমার পরিবার আমাকে আজকের এই মিশা সওদাগর বানায়নি। আমার নাম, আমার খ্যাতি, আমার প্রাচুর্য, আমার জাতীয় পুরস্কার- সব ইন্ডাস্ট্রি দিয়েছে। হুটহাট সিদ্ধান্তের পরিসমাপ্তি হোক।’


