ফেনীর ছাগলনাইয়ায় বিএনপি নেতা একরামুল হকের (৫৫) ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার সকাল ৮টার দিকে বাড়ির পাশের একটি ডোবা থেকে ছাগলনাইয়া থানার পুলিশ লাশ উদ্ধার করে।
একরামুল হককে বৃহস্পতিবার দুপুরে অপহরণ করেছিল দুর্বৃত্তরা। তিনি পৌরসভার ৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি ছিলেন এবং তিনি ওই এলাকার মজুমদার বাড়ির মৃত বেলাল হোসেন মজুমদারের ছেলে।
পুলিশ ও নিহতের পরিবার জানায়, বুধবার ছাগলনাইয়া পৌরসভার নির্বাচন হয়। এই নির্বাচনে তিনি বিএনপির প্রার্থী আবদুল হাদীর পক্ষে কাজ করেন।
এরপর বৃহস্পতিবার দুপুরে একরাম বাড়ির পাশের মাঠ থেকে গরু আনতে গিয়ে আর ফেরেননি। এরপর পরিবারের সদস্য বিভিন্নস্থানে খোঁজাখুজি করে।
কিন্তু না পেয়ে গতকাল রাতেই থানায় জানানো হয়। এ সময় একরামের মোবাইল ফোনটিও বন্ধ পাওয়া যায়।
ছাগলনাইয়া থানার পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।


