বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে ১৮৮ জন শিল্পীর ২২৭টি শিল্পকর্ম নিয়ে শুরু হলো ১৫ দিনব্যাপী ২০তম ‘নবীন শিল্পী চারুকলা প্রদর্শনী ২০১৬’।
এ প্রদর্শনীতে ৩০টি ভাস্কর্য, আটটি স্থাপনাশিল্প, সাতটি ভিডিও স্থাপনাশিল্প ও দুটি পারফর্মিং আর্টসহ বিভিন্ন মাধ্যমের শিল্পকর্ম স্থান পেয়েছে।
বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টায় একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে যৌথভাবে এই প্রদর্শনীর উদ্বোধনী করেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব আক্তারী মমতাজ, বিশিষ্ট চিত্রশিল্পী রফিকুন নবী ও সৈয়দ জাহাঙ্গীর।
প্রতিশ্রুতিশীল চারুশিল্পীদের বিকশিত করার লক্ষ্যে ১৯৭৫ সালের ১৪ সেপ্টেম্বর থেকে শুরু হয় ‘নবীন শিল্পী চারুকলা প্রদর্শনী’। প্রতি দুই বছর পরপর পক্ষকালব্যাপী দ্বিবার্ষিক এ আয়োজনটি করে আসছে শিল্পকলা একাডেমি।
প্রদর্শনীতে প্রতিবারের মতো এবারও ছাপচিত্র, চিত্রকলা, মিশ্র মাধ্যমসহ সকল মাধ্যমে একটি শ্রেষ্ঠ পুরস্কার ‘নবীন শিল্পী চারুকলা পুরস্কার ২০১৬’ দেওয়া হয়েছে।
এ ছাড়া দেওয়া হয়েছে তিনটি বিষয়ে তিনটি শ্রেষ্ঠ পুরস্কার ও চারটি সম্মাননা পুরস্কার। সব বিষয়ে শ্রেষ্ঠ পুরস্কার বিজয়ীদের দেওয়া হয়েছে গোল্ড মেডেল, নগদ এক লক্ষ টাকা ও সনদপত্র।
তিনটি বিষয়ে তিনজনকে ৭৫ হাজার ও সম্মাননা পুরস্কারপ্রাপ্ত চারজনকে ৫০ হাজার টাকা করে দেওয়া হয়েছে। এ ছাড়া যাদের শিল্পকর্ম প্রদর্শনীতে স্থান পেয়েছে তাঁরা সবাই পেয়েছেন সনদপত্র।
প্রদর্শনীটি চলবে আগামী ৯ জুন প্রতিদিন বেলা ১১টা থেকে রাত ৮টা এবং শুক্রবার বেলা ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত। এ ছাড়া রমজান মাসে বেলা ১১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত প্রদর্শনীটি দর্শকদের জন্য উন্মুক্ত থাকবে।



Leave a Reply