বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

বিমান বন্দরে ১০ কেজি স্বর্ণ উদ্ধার

gold barহজরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমান বন্দরে প্রায় ১০ কেজি ওজনের ৮৪টি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে। কাতার থেকে আগত এক যাত্রীর কাছ থেকে সাড়ে ৪ কোটি টাকা মূল্যের এসব স্বর্ণ উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দারা।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক ড. ময়নুল খান সত্যতা নিশ্চিত করেছেন।

শুল্ক গোয়েন্দা সূত্রে জানা যায়, শনিবার ভোরে কাতার এয়ারওয়েজের যাত্রী আবুল হোসেন (৩৫) কোমরে দুটো প্যাকেটে এই স্বর্ণ লুকিয়ে রেখেছিলেন। তাকে জিজ্ঞাসাবাদে প্রাথমিক তথ্য অনুযায়ী তার বাড়ি কুমিল্লার চৌদ্দগ্রামে বলে জানিয়েছেন।

সূত্র জানান, আবুল হোসেন ৫০ হাজার টাকার বিনিময়ে ৮৪টি স্বর্ণের বার বহন করেন। বিমানবন্দরের টয়লেটে রেখে দেওয়ার শর্তে বায়তুল মোকাররমের এক ব্যক্তির সঙ্গে চুক্তিবদ্ধ হন তিনি। বিমান বন্দরের কোনো একজন ক্লিনারের টয়লেট থেকে সরিয়ে নেওয়ার কথা ছিল। কিন্তু তার আগেই তিনি ধরা পড়েন।

ক্লিনার দুলালের মোবাইল নম্বর পাওয়া গেছে। থাকে ধরার চেষ্টা করা হচ্ছে। এ বিষয়ে আরো অনুসন্ধান চলছে এবং ঘটনার সঙ্গে সংশ্লিষ্টদের খুঁজে বের করার চেষ্টা হচ্ছে। কাতার এয়ারওয়েজের উল্লেখিত ফ্লাইটটি অবতরণের পর যাত্রী আবুল হোসেনকে বিমানের ভেতরে ২৮ই আসন থেকে তুলে আনা হয়।

সুনির্দিষ্ট তথ্য অনুযায়ী যাত্রীকে আগে থেকেই গোয়েন্দা নজরদারিতে রাখা হয়। বিমানবন্দরে অবতরণের পরই তাকে শনাক্ত করা হয়। পরে তার কোমর থেকে দুটো প্যাকেট সবার সামনে খোলা হয়। সিসিটিভি ক্যামেরার সামনে এ সব স্বর্ণের বার গণনা করে ৮৪টি বার পাওয়া যায়। সঙ্গে স্বর্ণের ৭টি চুড়িও রয়েছে। প্রয়োজনীয় পদক্ষেপ শেষে এই স্বর্ণ বাংলাদেশ ব্যাংকে জমা দেওয়া হবে। এ বিষয়ে একটি মামলা দায়ের করার পর যাত্রীকে বিমানবন্দর থানায় হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন