বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

পঞ্চম ধাপেও আওয়ামী লীগের বড় জয়

Printসহিংসতা ও অনিয়মের মধ্য দিয়ে অনুষ্ঠিত পঞ্চম ধাপের ৭১৭টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে বড় জয় পেয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।

বেসরকারি ৫৯৯টি ইউপির ফলাফলে আওয়ামী লীগের ৩৯০ জন প্রার্থী চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। এর মধ্যে ৪১জনই বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন।

বিএনপি প্রার্থীদের মধ্যে ৫৬ জন ও জাতীয় পার্টির মধ্যে সাতজন বিজয়ী হয়েছেন। জাসদ একটি ইউপিতে জয় পেয়েছে। এছাড়া ১৪৫ টি ইউপিতে জয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা যাদের অধিকাংশই আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী।

শনিবার রাত সাড়ে ১টা পর্যন্ত বেসরকারিভাবে ঘোষিত এ ফল জানা গেছে। এর আগে সকাল ৮টায় শুরু হয়ে বিকাল ৪টায় ভোট গ্রহণ শেষ হয়।

প্রাণহানি, জালভোট, ব্যালট ছিনতাই, কেন্দ্র দখলসহ ব্যাপক অনিয়মের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে পঞ্চম ধাপে ৭১৭টি ইউপির নির্বাচন।

এ নির্বাচনে অন্তত ১১জন নিহত ও সহস্রাধিক আহত হয়েছে। এছাড়া নির্বাচনী দায়িত্ব পালনে যাওয়ার সময় সড়ক দুর্ঘটনায় ঠাকুরগাঁওয়ে দুই সহকারী প্রিজাইডিং অফিসার নিহত হয়েছেন।

ইসি সূত্রে জানা গেছে, পঞ্চম ধাপে ৭১৭ ইউপিতে চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত সদস্য পদে ৩২ হাজারের বেশি প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এর মধ্যে চেয়ারম্যান পদে ৩২৫৪ জন, সাধারণ সদস্য পদে ২৭ হাজারের বেশি ও সংরক্ষিত সদস্য পদে ৭ হাজারের বেশি প্রার্থী রয়েছে।

এ নির্বাচনে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টিসহ ১৫টি দলের প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করেছেন। ২টিতে আওয়ামী লীগ ও ১০০টিতে বিএনপির কোনো প্রার্থী নেই।

আরও পড়ুন